আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। দুই মাসের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’
এর আগে একই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি
পরে দেওয়া আরেকটি পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার বিষয়টি উল্লেখ করে নিজের বিকল্প হিসেবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার নামও প্রস্তাব করেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদের এমন বক্তব্যের পর মেঘনা আলমের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া পোস্টটি সামনে আসে। তবে তাঁর এই পোস্টটি আসিফের মন্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া হয়েছে কি না, তা নিশ্চিতভাবে উল্লেখ করা হয়নি।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করে প্রায়ই আলোচনায় থাকেন মেঘনা আলম। তাঁর সর্বশেষ এই পোস্ট ঘিরেও সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও আলোচনা দেখা দিয়েছে।