ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর গণপিটুনিতে নিহত যুবলীগ কর্মী মেহেদী হাসানের (৩১) মরদেহ ৩৬ ঘণ্টা ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে। মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত পরিবারের কোনো সদস্য বা স্বজন মরদেহ নিতে আসেননি। স্বজনেরা মরদেহ গ্রহণ না করলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পুলিশই দাফনের ব্যবস্থা করবে বলে জানিয়েছে পুলিশ।
গত রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকায় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ্জামানকে (৩৫) তাঁর মেয়ের সামনে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই রাতেই মেহেদীদের বাড়িতে আগুন দেওয়া হয়। বাড়িতে আগুন জ্বলতে দেখে ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতার গণপিটুনির শিকার হন মেহেদী হাসান। এতে তাঁর মৃত্যু হয়। মেহেদী ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি।
ঘটনার পর সোমবার ভোরে এলাকাবাসী মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর থেকে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মেহেদীর স্ত্রী, মামিশাশুড়ি ও এক প্রতিবেশী পরিচয়ে তিনজন মর্গে আসেন। তাঁরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের অনুরোধ জানান। তবে পুলিশ তাঁদের থানায় গিয়ে যোগাযোগ করতে বললেও পরে তাঁরা আর যোগাযোগ করেননি। এমনকি নিজেদের নাম-পরিচয় কিংবা মুঠোফোন নম্বরও দিয়ে যাননি।
মরদেহ হস্তান্তরের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন না করায় মরদেহটি এখনো হস্তান্তর করা সম্ভব হয়নি। পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।