তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্বরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের সুবিধার্থে যত বেশি সম্ভব সদস্যের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মাঠের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণে ড্রোন এবং ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে।
বিজিবির সদর দপ্তরের মনিটরিং সেল থেকে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম এবং জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুসরণ করে বিজিবি সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তাঁরা নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জনগণের জানমালের সুরক্ষায় কাজ করছেন।
বিজিবির এই কর্মকর্তা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা, সংযম ও ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।