ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এর আগে সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও অভিযুক্ত করা হয়।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে
আবেদনে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে সাঈদ খোকন দেশের বিভিন্ন স্থান এবং বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া যাচ্ছে। পাশাপাশি ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং অবৈধ অর্থ আইনগতভাবে আটক করা কঠিন হয়ে পড়তে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছিল।
এদিকে, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।