কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ব্যক্তিগত ও শারীরিক পরিস্থিতি বিবেচনায় সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। তিনি ও তাঁর স্ত্রী দুজনই শারীরিকভাবে অসুস্থ। এমন পরিস্থিতিতে শারীরিক অসুস্থতা ও পারিবারিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে সংসদ সদস্যের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
তবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।