নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
মিছিলটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এ সময় হামলায় মো. শাহিন ও সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে তাদের খুলনায় নেওয়ার পথে মৃত্যু হয়।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর এলাকা অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। এতে মো. শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন।
তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে