ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ার অভিযোগে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। গুরুত্বপূর্ণ প্রায় ৭০ জন বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে দলটি। ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাংগঠনিক বিভক্তি দূর করা এবং দলের অভ্যন্তরীণ ঐক্য ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। বহিষ্কৃত নেতাদের আবেদন, অতীত রাজনৈতিক ভূমিকা, সাংগঠনিক অবদান এবং স্থানীয় পর্যায়ে তাদের প্রভাব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
দলীয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বহিষ্কার করা হলেও নির্বাচনের পরও নিজ নিজ এলাকায় তাদের রাজনৈতিক প্রভাব ও অনুসারী রয়েছে। ফলে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও গ্রুপিং অব্যাহত রয়েছে।
গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে এ বিভক্তির চিত্র আরও স্পষ্ট হয়। বিভিন্ন এলাকায় দলীয় সংসদ সদস্য ও নেতাদের কর্মসূচির বাইরে গিয়ে বহিষ্কৃত নেতারা পৃথক কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক ঐক্য নিয়ে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
আবেদন যাচাই করে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো জানান, বহিষ্কৃত নেতাদের দলে ফেরার আবেদনগুলো ভারপ্রাপ্ত মহাসচিবের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত নেতারা যাচাই-বাছাই করছেন। যাদের আবেদন যথাযথ এবং অতীতে দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক অবদান রয়েছে, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।
তিনি বলেন, এ প্রক্রিয়ায় শুধু বিদ্রোহী প্রার্থীরাই নন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে ভূমিকা রাখার অভিযোগে বহিষ্কৃত অন্য নেতারাও দলে ফেরার সুযোগ পাবেন। কতজনকে ফেরানো হবে, সেটি মুখ্য নয়; বরং অতীত অবদান ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় নিয়ে দলকে ঐক্যবদ্ধ করাই মূল লক্ষ্য।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রত্যেকের আবেদন ও বহিষ্কারের প্রেক্ষাপট আলাদা।
তিনি বলেন, স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি এবং যাদের অপরাধের মাত্রা তুলনামূলক কম, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। বিষয়গুলো বিএনপি চেয়ারম্যান পর্যালোচনা করছেন।
মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল
বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে আগের পদে পুনর্বহাল করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপি জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
মনিরুল ইসলামের বিষয়ে রিজভী বলেন, স্থানীয়ভাবে তিনি জনপ্রিয় ও প্রভাবশালী নেতা। দল ও আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা রয়েছে। জোটের কারণে ওই আসনে তাকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। বিষয়টি বিএনপি চেয়ারম্যান বিবেচনা করেছেন।
এর আগে গত আগস্টে নড়াইল সদর, পৌরসভা ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বহিষ্কৃত বিদ্রোহীদের মধ্যে সাতজনের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হয়েছেন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, সাইফুল ইসলাম ফিরোজ, শহীদ মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তরুণ দে ও মামুনুর রশীদসহ আরও কয়েকজন।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বাড়ছে সমঝোতার তাগিদ
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ এখনো বিএনপির তৃণমূল পর্যায়ে পুরোপুরি মেটেনি। বহিষ্কৃত অনেক নেতা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয়ভাবে ফিরতে না পারলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরিকল্পনাও রয়েছে কারও কারও।
বহিষ্কৃত নেতাদের দাবি, জাতীয় নির্বাচনে তারা উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের একটি অংশ এখনো তাদের সঙ্গে রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনেও দলীয় সাফল্য ধরে রাখতে চায় বিএনপি। এ অবস্থায় অভ্যন্তরীণ বিরোধ অব্যাহত থাকলে নির্বাচনে দলীয় সমন্বয় বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী ২১ জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে দলটির নীতিনির্ধারকেরা।
দলে ফেরার আবেদন করেছেন ফরহাদ ইকবাল
বহিষ্কারাদেশ প্রত্যাহারের আবেদন করেছেন টাঙ্গাইল জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি দাবি করেন, ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা তুলে ধরে ফরহাদ ইকবাল বলেন, কলেজজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। সরকারি এমএম আলী কলেজ ছাত্র সংসদের নির্বাচিত ভিপি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তার ভাষ্য, প্রায় ৪০ বছর ধরে বিএনপি, দলের তৃণমূলের নেতাকর্মী এবং জেলার সাধারণ মানুষের সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। সাধারণ মানুষের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বলেও দাবি করেন।
ফরহাদ ইকবাল আশা প্রকাশ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার রাজনৈতিক অবস্থান বিবেচনা করে যথাসময়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।
সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ বিএনপির তৃণমূল রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে শেষ পর্যন্ত কতজন নেতা দলে ফিরছেন, তা নির্ভর করবে আবেদন যাচাই ও দলীয় নীতিনির্ধারকদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর