আন্তর্জাতিক ডেস্ক, ২০ অক্টোবর ২০২৬
কানাডা থেকে আলবার্টা প্রদেশের বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নিয়ে আয়োজিত জনমত যাচাইয়ে স্বাধীনতার পথে এগোনোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অধিকাংশ ভোটার। সিটিভি নিউজের প্রাক্কলন অনুযায়ী, ৭৫ শতাংশের বেশি ভোটার কানাডার সঙ্গে থাকার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে, ২৫ শতাংশের কিছু কম ভোটার প্রদেশটির স্বাধীনতা নিয়ে ভবিষ্যতে বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) আলবার্টায় এই অ-বাধ্যতামূলক গণভোট অনুষ্ঠিত হয়। তেলসমৃদ্ধ প্রদেশটির ইতিহাসে কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ জনমত যাচাই। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার পর পাওয়া প্রাথমিক ফলাফলে ভোটারদের এই অবস্থানের চিত্র উঠে আসে।
গণভোটের ব্যালটে মোট ১০টি প্রশ্ন ছিল। এর মধ্যে শেষ প্রশ্নটি ছিল আলবার্টার স্বাধীনতা নিয়ে। ভোটারদের কাছে জানতে চাওয়া হয়, প্রদেশটি কানাডার অংশ হিসেবেই থাকবে, নাকি বিচ্ছিন্নতার প্রশ্নে সিদ্ধান্ত নিতে ভবিষ্যতে একটি বাধ্যতামূলক গণভোট আয়োজনের আইনি প্রক্রিয়া শুরু করা উচিত।
প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার সকালে মন্ত্রিসভার বৈঠকে যাওয়ার পথে ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আলবার্টার বাসিন্দারা ঐক্যকে বেছে নিয়েছেন এবং দেশের অন্যান্য অংশের সঙ্গে তাল মিলিয়ে উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে তিনি অত্যন্ত আনন্দিত।
কার্নি আরও জানান, সোমবারের ভোটাভুটিতে উঠে আসা অন্যান্য অগ্রাধিকারের বিষয়, বিশেষ করে অভিবাসন নিয়ে তিনি আলবার্টার প্রিমিয়ার ডানিয়েল স্মিথের সঙ্গে আলোচনা করেছেন। এসব বিষয়ে স্মিথের সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে তিনি বলেন, “আমরা কোনো সাংবিধানিক পরিবর্তন ছাড়াই এটি অর্জন করতে পারি।”
এর আগে দ্য গ্লোব অ্যান্ড মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, আলবার্টার বিচ্ছিন্নতাবাদী নেতারা ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে কানাডা থেকে আলবার্টাকে আলাদা করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
এ ছাড়া ক্যালগেরিতে মিশিগান থেকে আসা রিপাবলিকান রাজনৈতিক কৌশলবিদদের সঙ্গেও বিচ্ছিন্নতাবাদী নেতাদের বৈঠকের কথা সামনে আসে। সেখানে সমর্থক সংগ্রহ, ভোটারদের সক্রিয় করা এবং স্বাধীন আলবার্টার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছিল। একই সঙ্গে তেল, পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতার বিষয়টিও আলোচনায় আসে।
কানাডার ইতিহাসে প্রদেশের বিচ্ছিন্নতার প্রশ্ন অবশ্য নতুন নয়। ১৯৯৫ সালে কুইবেকের স্বাধীনতা নিয়ে গণভোটে দেশটির অখণ্ডতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সে সময় অল্প ব্যবধানে কানাডার সঙ্গে থাকার পক্ষে ফল আসে।
আলবার্টার সাম্প্রতিক জনমত যাচাইয়ে পাওয়া প্রাথমিক ফলাফলও প্রদেশটির অধিকাংশ ভোটারের কানাডার সঙ্গে থাকার পক্ষে অবস্থান তুলে ধরেছে। তবে এই ভোটটি ছিল অ-বাধ্যতামূলক; এর মাধ্যমে সরাসরি প্রদেশটির স্বাধীনতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি