নিজস্ব প্রতিবেদক,
শিক্ষকতা, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের পাশাপাশি সাংবাদিকতা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বুধবার (২১ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। সংবাদ সংগ্রহের পাশাপাশি তথ্য যাচাই, ঘটনার সত্যতা নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে জনগণের কাছে সংবাদ পৌঁছে দেওয়া সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। এ ক্ষেত্রে পেশাগত নীতিমালা ও আচরণবিধি মেনে চলা জরুরি।
শিক্ষকদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাঁরা সরকারের কাছ থেকে বেতন পান। তাই শিক্ষকতার পাশাপাশি অন্য পেশায় যুক্ত হওয়া কিংবা সাংবাদিকতা করার সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, সাংবাদিকতার পরিচয় কেবল পদবি বা পরিচয়পত্রের বিষয় নয়; এর সঙ্গে পেশাগত দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সম্পর্ক রয়েছে।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, বিভিন্ন পেশায় নিয়োজিত থেকেও অনেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন। কেউ শিক্ষকতা, কেউ ব্যবসা কিংবা অন্য পেশার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতার পরিচয় দিচ্ছেন। এ ধরনের দ্বৈত পেশা সাংবাদিকতার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পেশাগত সুবিধা ও ব্যবসায়িক বিবেচনার ঊর্ধ্বে থাকতে হবে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং নিরপেক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাকেও সমান গুরুত্ব দিতে হবে।
সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব ও যুগ্ম সচিব আব্দুস সবুর বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত সুবিধা নেওয়া, প্রভাব বিস্তার কিংবা অন্য কোনো স্বার্থ হাসিল করতে না পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পেশাদার সাংবাদিকতার মানোন্নয়নে সাংবাদিক, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা হলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হবে।
এ সময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান।