দর্পণ সময়, অনলাইন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেবী দুর্গার আদলে নিজের আটভুজা ছবি প্রকাশ করে ২২টি ব্যঙ্গাত্মক বচন তুলে ধরেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত পোস্টে ধর্মের নামে ঘৃণা ছড়ানো এবং সমাজের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
পোস্টে রুমিন ফারহানা দাবি করেন, ছবিটি অন্য কেউ তৈরি করে ফেসবুকে ছড়িয়েছে বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার উদ্দেশ্যে। তিনি লেখেন, ‘যারা ঘৃণার চাষকে ধর্ম ভাবেন’, তাঁদের উদ্দেশ্যেই তাঁর এই ২২টি ব্যঙ্গাত্মক বচন।
বচনগুলোতে বলা হয়েছে, বলাৎকার, ঘুষ, শিশু ধর্ষণ ও নির্যাতন, হত্যা, নারীর প্রতি সহিংসতা, নারীর বিরুদ্ধে কুৎসা, সম্পদ লুট, প্রতারণা, মিথ্যাচার এবং মুনাফেকির মতো কর্মকাণ্ডের মাধ্যমে ধর্ম যায় না। একইভাবে ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার, বোনের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বাবা-মাকে অবহেলা, অন্যের হক আত্মসাৎ, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল বা বিষ মেশানো, ব্যভিচার এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয়ও তাঁর বক্তব্যে উঠে এসেছে।
এ ছাড়া ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অনৈতিক কাজে জড়ানো এবং অন্যায়কারীদের প্রশ্রয় দেওয়ার সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্যের মূল সুর হলো—সমাজে নানা ধরনের অন্যায় সংঘটিত হলেও সেগুলোকে ধর্মীয় পরিচয়ের আড়ালে আড়াল করা হয়; অথচ অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়।
পোস্টের শেষাংশে ছবির দেবী দুর্গার অবয়ব নিয়ে মন্তব্য করে রুমিন ফারহানা লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কী আর করা।’
তাঁর এই পোস্ট ও ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা এবং মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।