নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়িয়ে শেরপুর জেলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রকল্পটির ব্যয় ১ হাজার ১৭২ কোটি টাকা বাড়িয়ে মোট ২ হাজার ৬০০ কোটি টাকা নির্ধারণ এবং বাস্তবায়নের মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। তবে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পের ভৌত অগ্রগতি ৪২ দশমিক ০৯ শতাংশ হওয়ায় সংশোধিত প্রস্তাবের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
সম্প্রতি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার কার্যপত্রে এসব তথ্য উঠে এসেছে।
নথি অনুযায়ী, ‘নেত্রকোনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পটি ২০২৩ সালের ৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পায়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রকল্পটির প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪২৮ কোটি টাকা। ২০২৩ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত ছিল বাস্তবায়নের নির্ধারিত সময়সীমা।
২০২৫ সালের ৩ সেপ্টেম্বর প্রকল্পটির প্রথম সংশোধনী অনুমোদিত হলেও ব্যয় ও মেয়াদে কোনো পরিবর্তন আনা হয়নি। এবার দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে শেরপুরকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি ব্যয় ও মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় মূল বরাদ্দের তুলনায় ৮২ দশমিক ০৭ শতাংশ বাড়বে।
সড়ক নির্মাণে বাড়ছে বরাদ্দ
প্রস্তাবিত সংশোধনীতে গ্রামীণ সড়ক নির্মাণের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিটুমিনাস কার্পেটিং (বিসি) পদ্ধতিতে সড়ক নির্মাণের দৈর্ঘ্য ৩৯৭ দশমিক ৭৭ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮২০ দশমিক ৬ কিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ খাতে বরাদ্দ ৫৬১ কোটি ২৫ লাখ টাকা থেকে বেড়ে ১ হাজার ১৮৯ কোটি ৯১ লাখ টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে। ফলে এই খাতে ব্যয় বাড়বে ৬২৮ কোটি ৬৬ লাখ টাকা।
এ ছাড়া উপজেলা সড়কের দৈর্ঘ্য ১৭ দশমিক ৯৪ কিলোমিটার থেকে বাড়িয়ে ৩২ দশমিক ৩৪ কিলোমিটার এবং ইউনিয়ন সড়ক ১১৯ দশমিক ৮১ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৪৯ দশমিক ৯ কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। সড়ক রক্ষণাবেক্ষণের আওতাও ২৬ দশমিক ৭ কিলোমিটার থেকে বাড়িয়ে ১৬০ দশমিক ৮ কিলোমিটার নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
সংশোধিত প্রস্তাবে আরসিসি সড়কের দৈর্ঘ্য ১২৫ দশমিক ৫৮ কিলোমিটার থেকে বাড়িয়ে ২০৫ দশমিক ২ কিলোমিটার এবং ইউনিব্লক সড়ক ২০ দশমিক ২২ কিলোমিটার থেকে বাড়িয়ে ২২ দশমিক ২২ কিলোমিটার করার কথা বলা হয়েছে।
পাশাপাশি ২১ হাজার ৪৫০ মিটার আরসিসি ইউ ড্রেন, ২ হাজার ৭৮৪ মিটার সেতু এবং ১ হাজার ৮৫১ মিটার বক্স কালভার্ট নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অগ্রগতি ও ব্যয়ের চিত্র
পরিকল্পনা কমিশনের কার্যপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রকল্পটির ভৌত অগ্রগতি ৪২ দশমিক ০৯ শতাংশ। একই সময়ে আর্থিক অগ্রগতি দাঁড়িয়েছে ৪১ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত ব্যয় হয়েছে ৫৯৫ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার টাকা।
প্রকল্প সংশোধনের পক্ষে এলজিইডি জানিয়েছে, গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিচ্ছিন্ন অংশগুলোর মধ্যে সংযোগ স্থাপন, স্থানীয় চাহিদার ভিত্তিতে নতুন সড়ক অন্তর্ভুক্ত করা এবং শেরপুর জেলাকে একই প্রকল্পের আওতায় আনার প্রয়োজন রয়েছে। এ ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় প্রকল্পের কাজের অগ্রগতি ব্যাহত হয়েছে বলে কার্যপত্রে উল্লেখ করা হয়েছে।
নতুন কাজ নিয়ে প্রশ্ন পরিকল্পনা কমিশনের
প্রকল্পের বাস্তবায়ন চলমান থাকা অবস্থায় নতুন কাজ যুক্ত করার যৌক্তিকতা এবং বর্ধিত সময়ের মধ্যে চলমান ও প্রস্তাবিত কার্যক্রম কীভাবে শেষ করা হবে, তা স্পষ্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরেছে পরিকল্পনা কমিশন।
কমিশনের সুপারিশ অনুযায়ী, সমাপ্ত, চলমান, বাতিল এবং নতুন করে প্রস্তাবিত কাজের তালিকা সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (আরডিপিপি) আলাদাভাবে সংযুক্ত করতে হবে। একই সঙ্গে সরকারি ক্রয় আইন ও বিধিমালা অনুসরণ করে ক্রয় পরিকল্পনা পুনর্গঠন এবং এলজিইডির অন্যান্য প্রকল্পের সঙ্গে কাজের পুনরাবৃত্তি এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নির্মিত অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করতে সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্যও সুনির্দিষ্ট পরিকল্পনা রাখার কথা বলেছে কমিশন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ স্পষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশন জানিয়েছে, এসব পর্যবেক্ষণ ও শর্ত বিবেচনায় নিয়ে সংশোধিত প্রস্তাবের পরবর্তী অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। প্রস্তাবটির সার্বিক মূল্যায়ন এবং শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে চূড়ান্ত অনুমোদনের জন্য এটি একনেক সভায় উপস্থাপন করা হবে।