বাবার সীমিত আয়ে সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামের তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জন্মগতভাবে চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া আবু বক্করের ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দুটি অস্ত্রোপচার করা সম্ভব হলে তার চোখটি ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
শিশুটির বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় একজন দিনমজুর কৃষক। দুই সন্তানের ভরণপোষণের পাশাপাশি ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি।
এ অবস্থায় আবু বক্করের চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে প্রকাশিত একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
পরবর্তী সময়ে অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সংগঠনটির সদস্যসচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে স্থানীয়ভাবে খোঁজখবর রাখা হচ্ছে। এ কার্যক্রমে যুক্ত রয়েছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগে আবু বক্করের চিকিৎসা নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে তার পরিবারের মধ্যে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন স্বজনেরা।