বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতা চলছে। সফরকালে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে আলোচনা হচ্ছে। তবে প্রস্তাবিত সব সমঝোতা স্মারক চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন। আনুষ্ঠানিক এই সফরে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হবে।
বিবৃতিতে বাংলাদেশকে জাপানের গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। আসন্ন সফরের মধ্য দিয়ে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করছে টোকিও।
এ ছাড়া হালনাগাদকৃত ‘মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক’ ধারণা বাস্তবায়নে বাংলাদেশ ও জাপানের মধ্যে সমন্বয় বাড়ানোর ক্ষেত্রেও এই সফর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে জাপান।
আটটি খাতে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা
ঢাকার কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আটটি খাতে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে। খাতগুলো হলো—কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়ন।
তবে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, আলোচনায় থাকা আটটি সমঝোতা স্মারকের মধ্যে চার থেকে পাঁচটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সবগুলো চুক্তি স্বাক্ষরিত হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।
সফরটিতে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।