কানাডার সাসকাচুয়ান প্রাদেশিক আদালত মানব পাচার ও যৌন নিপীড়নের ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মাসুম ও সোহেল হায়দারকে কারাদণ্ড দিয়েছেন। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার সাজা ঘোষণার সময় আদালত মোহাম্মদ মাসুমকে ১৪ বছর এবং সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে ভুক্তভোগী নারীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিসি ও সিটিভির প্রতিবেদন অনুযায়ী, ভুক্তভোগী ওই নারী বাংলাদেশ থেকে ভিজিটর ভিসায় কানাডার টরন্টোতে গিয়েছিলেন। তাঁর পরিকল্পনা ছিল দেশটিতে স্থায়ীভাবে বসবাস করে নতুন জীবন শুরু করা। একটি চাকরির বিজ্ঞাপনে সাড়া দেওয়ার পর সোহেল হায়দার তাঁকে টরন্টো থেকে সাসকাচুয়ানে নিয়ে যান। সেখানে গাল লেক এলাকায় হায়দারের রেস্তোরাঁয় তাঁর কাজ করার কথা ছিল।
পরবর্তী সময়ে ওই নারীকে টিসডেলে মোহাম্মদ মাসুমের রেস্তোরাঁয় এবং পরে এলরোজে হায়দারের আরেকটি রেস্তোরাঁয় কাজ করতে নেওয়া হয়। তাঁদের কাছে ওই নারীর কাজের জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিট ছিল না। তবে তাঁকে জানানো হয়েছিল, অনুমতিপত্রের ব্যবস্থা করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, ওই নারী যথাযথ পারিশ্রমিক পেতেন না। সপ্তাহে ছয় দিন দীর্ঘ সময় কাজ করতে তাঁকে বাধ্য করা হতো। পরে তিনি যে ওয়ার্ক পারমিট পান, সেটি এলরোজের অন্য একটি রেস্তোরাঁয় কাজের জন্য ছিল। সেখানে যাওয়ার কয়েক দিনের মধ্যে তাঁর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কয়েকজনের সহায়তায় তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরবর্তীতে আদালতে দেওয়া বক্তব্যে ওই নারী জানান, তিনি দুই ব্যক্তির হাতে মানব পাচার ও শোষণের শিকার হয়েছিলেন। পাশাপাশি তাঁদের একজনের দ্বারা বারবার ধর্ষণের শিকার হওয়ার অভিযোগও করেন। আইনি বাধ্যবাধকতার কারণে কানাডার সংবাদমাধ্যম ও আদালতে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আদালতের মামলায় উল্লেখ করা ঘটনাগুলোর সময়কাল ছিল ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত। চলতি বছরের শুরুর দিকে মোহাম্মদ মাসুম (৪৫) ও সোহেল হায়দারকে (৫৬) মানব পাচারের অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। পরে ২২ অক্টোবর তাঁদের সাজা ঘোষণা করা হয়।
আদালতে দাখিল করা লিখিত জবানবন্দিতে ভুক্তভোগী নারী তাঁর অভিজ্ঞতা ও জীবনের ওপর এর প্রভাব তুলে ধরেন। তিনি বলেন, “আমি তাদের ভুলতে পারি না। তারা আমার স্বপ্ন থামিয়ে দিয়েছে। তারা আমার জীবন ধ্বংস করে দিয়েছে। তারা আমার সম্মান, আমার ভবিষ্যৎ, আমার পরিবার ও আমার ক্যারিয়ার—সবকিছুই নষ্ট করে দিয়েছে।”
আরেকটি বক্তব্যে তিনি নিজেকে পণ্যের সঙ্গে তুলনা করে বলেন, “আমার মনে হয়, আমি যেন একটি পণ্য ছিলাম আর সে আমাকে কোনো ক্রেতার কাছে বিক্রি করছিল।”
শুনানিতে ক্রাউন প্রসিকিউটর লেসলি ডানিং বলেন, অভিযুক্ত দুজনই ওই নারীর বিশ্বাস ও কর্তৃত্বের অবস্থানে ছিলেন। সাসকাচুয়ানে নিয়ে যাওয়ার পর তাঁর জীবনের প্রায় প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে তাঁরা সেই বিশ্বাসের অপব্যবহার করেছেন বলে তিনি যুক্তি দেন।
প্রসিকিউটর আরও অভিযোগ করেন, মোহাম্মদ মাসুম ওই নারীকে নিজের যৌন তৃপ্তির জন্য ব্যবহার করেছিলেন এবং ধারাবাহিক যৌন নিপীড়ন চালিয়েছিলেন। এসব ঘটনার মধ্যে শারীরিক সহিংসতাও ছিল বলে আদালতে যুক্তি উপস্থাপন করা হয়।
আদালত যৌন নিপীড়ন ও মানব পাচারের অপরাধে মোহাম্মদ মাসুমকে ১৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১২ হাজার ২৬৮ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, মানব পাচারের অপরাধে সোহেল হায়দারকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা এ অপরাধের জন্য নির্ধারিত সর্বনিম্ন সাজা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁকে ৫ হাজার ৮৮৫ ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত। এ ছাড়া উভয় ব্যক্তিকে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে দেওয়া লিখিত বিবৃতি অনুযায়ী, বাংলাদেশে ওই নারীর স্নাতকোত্তর ডিগ্রি, সম্মানজনক চাকরি এবং ১৮ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা ছিল। তিনি ভালো আয় করতেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী ছিলেন। নিজেকে স্বাধীনচেতা মানুষ হিসেবে বর্ণনা করা ওই নারী জানান, কানাডায় আসার পর তাঁর স্বাধীনতা ভীতি ও পরনির্ভরশীলতায় রূপ নেয়। নতুন জীবন গড়ার স্বপ্ন ও তাঁর বিশ্বাসকে কাজে লাগিয়ে তাঁকে শোষণ করা হয়।
তথ্যসূত্র: সিবিসি (CBC), সিটিভি (CTV)।