শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পাদদেশে বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসবের বর্ণাঢ্য আলোর মিছিল। মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো তীর্থস্থান। ধর্মীয় আবহে আয়োজিত এ মিছিলে অংশ নেন প্রায় ৫০ হাজার তীর্থযাত্রী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শুরু হওয়া মিছিলে তীর্থযাত্রীরা দুই হাতে দুটি করে জ্বালানো মোমবাতি নিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করেন।
এ বছর ‘মানবতার জননী ফাতেমা রাণী মা মারিয়া’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী ২৯তম বার্ষিক ফাতেমা রাণীর তীর্থোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে খ্রিস্টধর্মাবলম্বীরা বারোমারীতে সমবেত হয়েছেন।
তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী জানান, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বারোমারী সাধু লিওর খ্রিস্টধর্মপল্লীতে ১৯৯৮ সালে পর্তুগালের ফাতেমা নগরের আদলে এ তীর্থস্থান গড়ে তোলা হয়। প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার এখানে বার্ষিক তীর্থোৎসব অনুষ্ঠিত হয়। এটি রোমান ক্যাথলিক খ্রিস্টধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন।
তীর্থস্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রার্থনার জন্য নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট উঁচু মা মারিয়ার মূর্তি। উৎসব উপলক্ষে পাপ স্বীকার, মহাখ্রিস্টযাগ, মোমবাতি প্রজ্বালন করে আলোক শোভাযাত্রা, সাক্রামেন্তের আরাধনা, নিরাময়, নিশিজাগরণ ও জীবন্ত ক্রুশের পথসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আলোর মিছিল ও তীর্থোৎসবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মো. জহিরুল ইসলামসহ স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেন।