ময়মনসিংহের ত্রিশালে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানের কম্বল জব্দ করা হয়েছে। এ সময় কম্বল পরিবহনে ব্যবহৃত একটি কার্গো গাড়ি ও দুটি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে ত্রিশাল উপজেলার ২ নম্বর বৈলর ইউনিয়নের বৈলর উকিলবাড়ী এলাকায় ফারুকের খাবারের হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার চতলা গ্রামের আবদুল্লাহ আল মামুন (২৬) এবং গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা গ্রামের মারুফ হাসান (২১)। তাঁদের বর্তমান ঠিকানা যথাক্রমে ঢাকার যাত্রাবাড়ী ও গাজীপুরের কাশিমপুর।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৪২০ পিস ভারতীয় কম্বল, চোরাচালানে ব্যবহৃত ছয় চাকার ‘নিউ তামান্না’ কার্গো গাড়ি, একটি টেকনো (TECNO KM9) অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং একটি টি-সোর্স (T-SOURCE) বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৩৯ লাখ ৯৭ হাজার ১৯৯ টাকা।
ওসি আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব ভারতীয় কম্বল ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।