পাবনার সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার সেতুর কাছে সোনাপাতি বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, শুক্রবার বিকেলে কয়েকজন বিলে মাছ ধরছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে তাঁরা পাশের একটি পলিথিনের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর ওই ঘরে বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত ব্যক্তিরা কিশোর ও তরুণ বয়সী। বজ্রপাতে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।