রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে দুই কলেজের সাফল্যে দেখা দিয়েছে আকাশ-পাতাল ব্যবধান। কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ হলেও কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাস করেছেন মাত্র ১৯ দশমিক ৬৮ শতাংশ শিক্ষার্থী। দুই প্রতিষ্ঠানের পাসের হারের ব্যবধান প্রায় ৭৪ শতাংশ পয়েন্ট। এক কলেজের ঈর্ষণীয় সাফল্যের বিপরীতে অন্য কলেজের এমন ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে। ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১২৩ জন। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ।নৌবাহিনী কলেজে সাফল্যের ধারাবাহিকতা কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৫৯ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া।প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পাসের হারে প্রতিষ্ঠানটি রাঙামাটি জেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।কলেজটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে এ বছর বিপর্যয় দেখা গেলেও তাঁদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে এ ফলাফলে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন।তাঁরা বলেন, আগের বছরগুলোতে প্রতিষ্ঠানটিতে শতভাগ শিক্ষার্থী পাস করতেন এবং জিপিএ-৫ অর্জনকারীর সংখ্যাও ছিল অনেক বেশি। ভবিষ্যতে ফলাফলের আরও উন্নতি প্রত্যাশা করছেন তাঁরা।কর্ণফুলী সরকারি কলেজে হতাশাজনক ফলাফল
<span;>অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ফলাফলে দেখা গেছে উদ্বেগজনক চিত্র। এ প্রতিষ্ঠান থেকে ৬২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১২৩ জন। পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। তবে কলেজটির ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, গত বছর কলেজটির প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে এ বছরও অকৃতকার্য হয়েছেন। এর প্রভাব এবারের সামগ্রিক ফলাফলে পড়েছে।একই উপজেলার দুটি কলেজের ফলাফলে এমন বড় ব্যবধান স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের পাসের হার ২০ শতাংশেরও নিচে নেমে আসায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।শিক্ষাসংশ্লিষ্টদের মতে, এ পরিস্থিতি থেকে উত্তরণে ফলাফল পর্যালোচনা, দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, নিয়মিত পাঠদান, পাঠদানের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও পরীক্ষার প্রস্তুতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে।কাপ্তাইয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কলেজ প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।