দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নীলফামারী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ড এর ২ প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সবাই ফেল।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে নীলফামারী জেলার ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অবস্থা দেখা গেছে। কলেজ সংশ্লিষ্টরা কেউ ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেন, কেউ বা বেতন ভাতার সংকটকে চিহ্নিত করেন। জেলার ১৪ টি কলেজে অংশ নেয়া ১৩৯ জন শিক্ষার্থীর শতভাগ ফেল করেছে। প্রতিষ্ঠানগুলো হলো-
নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজ এর ৪০ জন, পঞ্চপুকুর স্কুল অ্যান্ড কলেজ এর ০৬ জন, তারনিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ এর ০২ জন, লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ এর ০১জন, কিশোরগঞ্জ উপজেলার ভেরভেরি মঝাপাড়া স্কুল অ্যান্ড কলেজ এর ৫১ জন, নয়ন খাল স্কুল অ্যান্ড কলেজ এর ০৩ জন, ডোমার উপজেলার জামিরবারি মহিলা কলেজ এর ০৫ জন, বাগডোকড়া নিমোজখানা হাই স্কুল অ্যান্ড কলেজ এর ০৩ জন, জলঢাকা উপজেলার সমিরুদ্দিন আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ এর ০২ জন, ডিমলা উপজেলা আদাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ এর ০২ জন, জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ এর ০১ জন, গয়াখড়িবাড়ি মহিলা কলেজ এর ০১ জন। মাদ্রাসা বোর্ডের অধিনে দুটি প্রতিষ্ঠান হলো সৈয়দপুরের পোড়াহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার ০৭ জন এবং ডোমারের পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার ১৫ জন।
নীলফামারী সদর উপজেলার আদর্শ কলেজ এর প্রভাষক সারিউল ইসলাম জানান, ২৫ বছর ধরে প্রতিষ্ঠান চলমান রয়েছে, এমন ফলাফল এর আগে হয়নি। আমাদের প্রতিষ্ঠানের কোনো বিল বেতন এখনো খুলেনি কলেজ এর ৩৭ জন স্টাফ আমরা মানবেতর জীবনযাপন করছি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেনা।
ডোমারের পাঙ্গা চৌপথী আব্দুল মজিদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম জানান, আমাদের মাদ্রাসা থেকে এবার ১৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। পর্যাপ্ত গুরুত্ব সহকারে সবাইকে পাঠদান করার পরেও এবারের ফলাফল কেন এমন হলো বুঝতেছিনা। বেশীরভাগ শিক্ষার্থী ১বিষয়ে ফেল করেছে, আমরা বোর্ড চ্যালেঞ্জ করার পরিকল্পনা নিয়েছি।
স্থানীয়রা জানালেন, ফেল করা অনেক স্কুলের এখনো বিল বেতন খুলেনি। এরপরেও ১৪ প্রতিষ্ঠানে মোট ১৩৯ জন শিক্ষার্থীর শতভাগ ফেল করার ব্যাপারে প্রতিষ্ঠানের উদাসীনতাকে দায়ী করছে তারা।
মনিরুজ্জামান নামের এক অভিভাবক ক্ষুব্ধ হয়ে জানান, একটা কলেজে ৪০ বা ৫০ জন অংশ নিয়ে সবাই ফেল করবে এটা মেনে নেয়া যায়না। যদি সামান্য কয়েকজন পাস করতো এরপরেও তাদের বিষয় গুলো মেনে নেয়া যেত যে তারা চেষ্টা করেছে।
এ বিষয়ে শিক্ষা কর্মকর্তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে কেউ ফোন রিসিভ করেনি।
২০২৫ সালে নীলফামারী জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৬৩.৭১ শতাংশ। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৯.৯২ শতাংশে। এক বছরের ব্যবধানে জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার কমেছে ১৩.৭৯ শতাংশ পয়েন্ট।