রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। প্রাথমিকভাবে যানবাহনের নিবন্ধন করা হবে। পরবর্তী ধাপে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, ‘সিটি করপোরেশন আইন, ২০০৯’-এর ২০২৬ সালের সংশোধিত আইনের ১২০ ধারায় ই-রিকশা নিবন্ধনের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে আইন পাসের পর এ বিষয়ে বিধিমালা প্রণয়ন করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বিধিমালাটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। ফলে ই-রিকশা নিবন্ধনে এখন আর আইনগত বাধা নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ই-রিকশার কার্যকর ব্যবস্থাপনা ছিল না। নতুন আইনের মাধ্যমে এসব যানবাহনকে নিয়ন্ত্রণ ও আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে ১৩টি সিটি করপোরেশনে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
নিবন্ধন ও নবায়ন ফি
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এক বছর পর ফিটনেস যাচাই করে নবায়নের জন্য দিতে হবে ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং এক বছর পর নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর চলাচল করতে পারবে।
ফিটনেস সনদ প্রদর্শনের জন্য কিউআর কোডযুক্ত সার্টিফিকেট দেবে সিটি করপোরেশন। এ সনদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।
উৎপাদন ও নকশায় নিয়ন্ত্রণ
ই-রিকশার উৎপাদন নিয়ন্ত্রণ এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা থাকবেন।
প্রতিমন্ত্রী জানান, ই-রিকশা উৎপাদনে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে চলাচলরত ই-রিকশাগুলোকেও ওই নকশা অনুযায়ী পরিবর্তন করতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এ কাজ করবে।
বিধিমালায় নিবন্ধন ছাড়া ই-রিকশা চালানো, অনুমোদিত গতিসীমা অতিক্রম করা, অতিরিক্ত যাত্রী বহন, অননুমোদিত ব্যাটারি ব্যবহার, মোটর বা কাঠামো পরিবর্তন এবং নিষিদ্ধ এলাকায় চলাচলকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া বিপজ্জনকভাবে গাড়ি চালানো, যাত্রী ছাড়া মালামাল পরিবহন, ট্রাফিক সিগন্যাল অমান্য এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।
পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স
নতুন বিধিমালায় ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্সের বিধান থাকলেও তা এখনই কার্যকর হচ্ছে না। প্রথমে যানবাহনের নিবন্ধন সম্পন্ন করা হবে। পরে আলাদা প্রজ্ঞাপন জারির মাধ্যমে চালকদের লাইসেন্স কার্যক্রম শুরু হবে।
এ সময় পর্যন্ত চালকদের পরিচয়পত্র থাকবে, যা মালিকপক্ষ সরবরাহ করবে। প্রতিমন্ত্রী বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক চালক লাইসেন্সের আবেদন করলে সিটি করপোরেশনগুলোর পক্ষে তা সামাল দেওয়া কঠিন হবে। তাই পর্যায়ক্রমে লাইসেন্স কার্যক্রম চালু করা হবে।
ঢাকায় আট জোনে চলবে ই-রিকশা
ঢাকা মহানগরে ই-রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে আটটি জোন গঠনের পরিকল্পনা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারটি জোন থাকবে। প্রতিটি জোনের ই-রিকশার রং হবে আলাদা। মোট আট রঙের ই-রিকশা চালুর পরিকল্পনা করা হয়েছে, যাতে এক জোনের যান অন্য জোনে যেতে না পারে।
প্রতিটি জোনে যানজট এড়াতে কতসংখ্যক ই-রিকশা চলবে, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন আলোচনা করে নির্ধারণ করবে। আপাতত ই-রিকশার সংখ্যার ওপর কোনো সীমা নির্ধারণ করা হয়নি।
নিবন্ধনের পর কিউআর কোডে ই-রিকশার নিবন্ধন নম্বর, মালিকের তথ্য, সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও জোনের পরিচয় থাকবে।
বর্তমান চালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিবন্ধন কার্যক্রম শুরুর পর নিয়ম মেনে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে। অবৈধ ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিরুৎসাহিত ও সেগুলো অপসারণের ব্যবস্থাও নেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে বসে অগ্রগতি জানানো হবে।
চার্জিং পয়েন্ট ও ভাড়া নিয়ন্ত্রণ
ই-রিকশার চার্জিং পয়েন্টগুলোও নিয়ন্ত্রণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমোদন দেওয়া হবে। সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে সক্ষম প্রতিষ্ঠানকে সিটি করপোরেশন অনুমোদন বা ট্রেড লাইসেন্স দেবে।
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত চার্জিং পয়েন্ট তদারকি করবেন।
এ ছাড়া কিলোমিটার হিসাবে ই-রিকশার ভাড়া নির্ধারণ করা হবে। এ বিষয়ে মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। প্রতিমন্ত্রী জানান, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যৌক্তিকতা এবং সাধারণ মানুষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রাখা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, নতুন বিধিমালা আপাতত দেশের ১৩টি সিটি করপোরেশনে কার্যকর হবে। পৌরসভা এলাকায় ই-রিকশা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট আইন সংশোধন করতে হবে। এরপর সেসব এলাকার জন্যও প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা হবে।