বাংলাদেশের নদ-নদীতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত ভারতকে করিডোর ও ট্রানজিট সুবিধা না দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতীয় পণ্য আমদানি ও টেলিভিশন চ্যানেল সম্প্রচারের সুযোগ বন্ধ রাখার কথা বলেছেন তিনি।
রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, বাংলাদেশের নদ-নদীতে পানি না এলে ভারতীয় পণ্য বাংলাদেশে আসতে পারবে না। একই পরিস্থিতিতে কোনো করিডোর বা ট্রানজিট সুবিধাও দেওয়া হবে না। নদীতে পানির প্রবাহ নিশ্চিত না হলে ভারতীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচারের সুযোগও থাকা উচিত নয়।
এ সময় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাপানের সঙ্গে সরকারের আলোচনা ও চুক্তির বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়নে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল। এ লক্ষ্যে ঐকমত্য কমিশন গঠন, গণভোট আয়োজন ও জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল। কিন্তু নির্বাচনের পর সরকার এসব অস্বীকার করছে বলে অভিযোগ করেন তিনি।
২০২৪ সালের জুলাইয়ে রাজপথে বুলেটের সামনে দাঁড়িয়ে এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে অংশ নিয়ে জনগণ তাদের অবস্থান জানিয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে জনগণ দুই দফায় পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। সরকারের গঠিত নতুন কমিটিতে আলোচনার জন্য বিরোধী দলকে ডাকা হলেও সালাউদ্দিন সাহেবের কোনো কমিটিতে বিরোধী দল অংশ নেবে না বা মতামত দেবে না।
নাহিদ ইসলামের দাবি, এখন সংস্কার বাস্তবায়নের সময়। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে।
সংস্কার নিয়ে টালবাহানার পরিণতি ভোগ করতে হবে
সংস্কার প্রশ্নে সরকারের টালবাহানার পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১৯৯৬ ও ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, সরকার আবারও একই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আগামী নির্বাচনে নিজেদের পছন্দের লোক বসানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আট মাসে তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি ও রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।
তরুণদের জন্য ঋণ, প্রশিক্ষণ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগে চাপ দেওয়া হচ্ছে এবং সেখানে দলীয় লোকজনকে বসানোর চেষ্টা চলছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল চাকরিতে বৈষম্য ও স্বজনপ্রীতির বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে।
শ্রমিকদের ন্যায্য মজুরি ও বিচার দাবি
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছাতে হবে। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে পুলিশ ব্যবহার না করার দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জ্বালানি মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপি আহ্বায়ক।
এ ছাড়া ওসমান হাদি হত্যার বিচার এবং জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলাগুলোর বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবি জানান তিনি। রাজনৈতিক মামলাকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের মিছিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন
সম্মেলনে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, সরকারের কাছে এবং সরকারপ্রধানের কাছে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য থাকে। কিন্তু আওয়ামী লীগের মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকার গ্রেপ্তারের সক্ষমতা দেখাতে পারছে না বলে অভিযোগ করেন তিনি।
আখতার হোসেন বলেন, সরকার যদি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না চায়, তাহলে তা দুঃখজনক। নিয়মতান্ত্রিক পন্থায় রাজনীতি পরিচালিত হোক, সেটিই তাঁদের প্রত্যাশা। তবে সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হলে রাষ্ট্র পরিচালনার নৈতিক যুক্তি হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আওয়ামী লীগ একটি গোখরা সাপ। আপনি এদের থেকে সতর্ক থাকুন।”
প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে অনেকে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন বলে দাবি করে তাঁদের বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। গোয়েন্দা সংস্থার তথ্য যাচাই করার পরামর্শ দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা প্রধানমন্ত্রীর সমস্যা তৈরি করবে, তারা তাঁর আশপাশেই রয়েছে।
জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।