ময়মনসিংহ বাইপাস মোড়ে রাজীব পরিবহনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বাসটির বেপরোয়া গতি ও একের পর এক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও জামালপুরমুখী যানবাহন চলাচল ব্যাহত হয় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সম্প্রতি রাজীব পরিবহনের বাসের ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটির চলাচল বন্ধের দাবি জানান। তাঁদের অভিযোগ, বেপরোয়া গতি ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল সড়ক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—বেপরোয়া ও ফিটনেসবিহীন রাজীব পরিবহনের চলাচল স্থায়ীভাবে বন্ধ করা, সাম্প্রতিক দুর্ঘটনায় জড়িত চালক ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বাইপাস মোড়ে ট্রাফিক ব্যবস্থা জোরদার করে নিরাপদ সড়ক নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে বাইপাস মোড় এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। ঢাকা-ময়মনসিংহ ও জামালপুরমুখী সড়কে যানজট ছড়িয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।