পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলায় পতিত আওয়ামী লীগ, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সোমবার রাজধানীর মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি যুবদলের নেতাকর্মীদেরও মাঠে দেখা যায়। এ বিষয়ে আগামীর সময়কে দেওয়া বক্তব্যে তিনি আন্দোলনে বিরোধী রাজনৈতিক শক্তির সম্পৃক্ততার অভিযোগ তোলেন।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, দেশের যেকোনো রাজনৈতিক সংকটে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে। জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যুবদলেরও দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মাঠে রয়েছেন।
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে সোমবার টানা তৃতীয় দিনের মতো মিরপুরে সড়কে নামেন পোশাকশ্রমিকেরা। এর আগের দিন রোববার শ্রমিকদের বেতন বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ড গঠন করা হলেও আন্দোলন অব্যাহত থাকে।
সোমবার সকাল থেকেই মিরপুরে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। কয়েকটি স্থানে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় পুলিশের পাশে যুবদলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। তাঁদের কারও কারও হাতে লাঠিসোঁটাও ছিল। একইভাবে গাজীপুরেও যুবদলের নেতাকর্মীরা মাঠে অবস্থান করেন।
আন্দোলনে বিরোধী রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্টতা নিয়ে যুবদল সভাপতি বলেন, “আমরা গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে বিশৃঙ্খলার সঙ্গে পতিত আওয়ামী লীগ, গুপ্ত জামায়াত, এনসিপিকে দেখতে পাচ্ছি। এ অবস্থায় জনগণের দল হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়। সহিংসতা করার জন্য কাউকে কোনো নির্দেশনা দেওয়া হয় না; বরং সচেতন থেকে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে সেই দায়িত্ববোধ থেকেই নেতাকর্মীরা মাঠে রয়েছেন।