সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ময়মনসিংহ মহানগর জামায়াতের এক নেতার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগর শাখা।
সাময়িকভাবে সাংগঠনিক শাস্তির মুখে পড়া নেতা মো. শহীদুল্লাহ্ (৪৬) নগরের নতুন বাজার থানা জামায়াতের রুকন ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত।
দলীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে শহীদুল্লাহ্র একটি আপত্তিকর ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হলে পরিস্থিতি বিবেচনায় জরুরি সভা ডেকে তার রুকনিয়াত স্থগিতের সিদ্ধান্ত নেয় মহানগর জামায়াত।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট নেতার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। শহীদুল্লাহ্ ভিডিওটি তার ব্যক্তিগত বলে দাবি করেন। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ঘটনাটিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনা করে তার রুকনিয়াত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, মো. শহীদুল্লাহ্ দাবি করেছেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা একান্ত পারিবারিক মুহূর্তের। তার অভিযোগ, শত্রুতাবশত অজ্ঞাতপরিচয় কেউ তার মুঠোফোন থেকে ভিডিওটি সংগ্রহ করে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।
শহীদুল্লাহ্ আরও অভিযোগ করেন, ভিডিওটি প্রকাশের ভয় দেখিয়ে আগে থেকেই তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল এবং মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সাইবার সুরক্ষা আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।