যুক্তরাষ্ট্রে আজ গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যা দেশটির কংগ্রেসের ক্ষমতার ভারসাম্য এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে। এই নির্বাচনে সরাসরি প্রেসিডেন্ট বদল না হলেও, আইন প্রণয়ন এবং ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়নে এই ভোটের ফলাফল অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখবে।
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রেসিডেন্টের হাতে এককভাবে সব ক্ষমতা নেই। রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, বাজেট অনুমোদন, সামরিক ব্যয় এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির আইনসভা কংগ্রেস।
এই নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচন নয়। বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার দলের কর্মকাণ্ডের ওপর জনগণের সমর্থন কিংবা অসন্তোষের প্রতিফলন ঘটানো। প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভোটাররা পরবর্তী চার বছরের জন্য একজন প্রেসিডেন্ট বেছে নেন। আর মধ্যবর্তী নির্বাচনে তাঁরা মূল্যায়ন করেন, প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর তাঁর দল কতটা সফল হয়েছে। এ কারণে অনেক সময় মধ্যবর্তী নির্বাচনকে ক্ষমতাসীন প্রেসিডেন্টের জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানের পরীক্ষা হিসেবে দেখা হয়।
দুই বছর মেয়াদি নিম্নকক্ষের ৪৩৫টি আসনের সবকটিতেই একযোগে ভোট হবে। বর্তমানে এই কক্ষে রিপাবলিকানদের আসন ২১৮টি, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংখ্যা। আর ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২১৪টি। এর সঙ্গে ১টি স্বতন্ত্র এবং কিছু আসন শূন্য আছে।
ফলে রিপাবলিকানদের হাত থেকে মাত্র তিনটি আসন ছিনিয়ে নিতে পারলেই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চলে যাবে ডেমোক্র্যাটদের হাতে।
সেনেটের ১০০ সদস্যের সেনেটে আইনপ্রণেতাদের মেয়াদ ছয় বছর। তবে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ আসনে ভোট হয়। এবার সেনেটের ৩৫টি আসনের মধ্যে ১৭টি জিতলেই ৫১টি হয়ে যাবে ডেমোক্র্যাটদের।
ভোট গ্রহণ শেষে ফলাফল আসার পর স্পষ্ট হবে যে আমেরিকার আইনসভা ট্রাম্পের নীতির পক্ষে থাকবে, নাকি ডেমোক্র্যাটদের অধীনে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি হবে।
কংগ্রেসে যদি রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারায়, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য নতুন আইন পাস, বাজেট অনুমোদন, শুল্ক নীতি এবং বিভিন্ন আন্তর্জাতিক পদক্ষেপ বাস্তবায়নে বিরোধী দলের বাধার মুখোমুখি হতে হবে।
এবারের নির্বাচন এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। দেশটি যুদ্ধে জড়িত এবং ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের সময়ও কমে আসছে। ফলে নির্বাচনের ফলাফলের ওপর আগামী দুই বছরের আইন প্রণয়ন ও সরকারের রাজনৈতিক অবস্থান অনেকটাই নির্ভর করবে।
আমেরিকার ফক্স নিউজের তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে মার্কিন ভোটারদের সিদ্ধান্ত নির্ধারণে উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ প্রধান ইস্যু হিসেবে দেখা দিয়েছে।
এছাড়া ট্রাম্প প্রশাসনের চলমান ইরান যুদ্ধ সংক্রান্ত নীতি এবং মার্কিন সামরিক সংশ্লিষ্টতা নিয়ে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অভিবাসন নীতি ও নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসার ও এর নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনও এবারের প্রচারণায় বড় ভূমিকা রেখেছে।
এদিকে বিভিন্ন সাম্প্রতিক জনমত জরিপের সূত্র ধরে সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে, মিশিগান, টেক্সাস, কানসাস, মেইন এবং ওহাইওর মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য গুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা বেশ শক্ত অবস্থানে রয়েছেন। তবে আইওয়া সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ মধ্যবর্তী নির্বাচন, যা নির্ধারণ করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। নির্বাচনের গুরুত্ব অত্যন্ত বেশি হওয়ায় ভোটাররা ভোটকেন্দ্রে আসছেন। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ইলেকশন ল্যাবের তথ্য অনুযায়ী, ৫ কোটি ৪০ লাখেরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন, যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় ৮০ লাখ বেশি।
গত রোববার প্রকাশিত এনবিসির এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে ৭৫ শতাংশ উত্তরদাতা অসন্তুষ্ট। আর নিজেদের ব্যক্তিগত আর্থিক পরিস্থিতি নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন ৫১ শতাংশ।
মধ্যবর্তী নির্বাচনের মূল্য উদ্দেশ্য মূলত কংগ্রেসের প্রতিনিধিত্ব নতুন করে নির্ধারণ করা। এর রাজনৈতিক গুরুত্ব অনেক। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তার ওপর নির্ভর করে প্রেসিডেন্টের খবরদারির সুযোগ। অতীতের নির্বাচনগুলোতেও প্রেসিডেন্টের দলের জন্য এ ভোট কঠিন হয়ে উঠেছে।
তবে এই নির্বাচনে শুধু প্রেসিডেন্টের জনপ্রিয়তা নয়, অর্থনীতি, জীবনযাত্রার ব্যয়, অভিবাসননীতি, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি নিয়ন্ত্রণের মতো বিষয়ও ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো রদবদল ঘটবে না ঠিক, কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। সেক্ষেত্রে কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে যায়, তাহলে বদলে যেতে পারে মার্কিন রাজনীতির বহু সমীকরণ। মোটকথা আমেরিকার সকাল হওয়ার পর যে মধ্যবর্তী নির্বাচন হচ্ছে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক অগ্নি পরীক্ষা।
তথ্যসূত্রঃ ফক্স নিউজ, যুক্তরাষ্ট্র।