গাজীপুরের টঙ্গীতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও বিশৃঙ্খলা ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে টঙ্গী বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে শিল্পবান্ধব গাজীপুরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের অপতৎপরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করতে তারা মাঠে রয়েছেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি টঙ্গী বাজার এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।