চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী ও উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।
মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে নালিশি মামলা করেন নাসির উদ্দিন মাহমুদ।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তাঁর সহযোগীরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে প্রথমে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন তাঁরা। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব থেকে বের হওয়ার সময় পরীমনি নাসির উদ্দিনকে ডাকেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন।
অভিযোগ অনুযায়ী, নাসির উদ্দিন এতে রাজি না হলে পরীমনি তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে হত্যাচেষ্টার উদ্দেশ্যে একটি গ্লাস ছুড়ে মারেন, যা তাঁর মাথা ও বুকে আঘাত করে।
মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও তাঁর কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তদন্তে নাসির উদ্দিনকে মারধরের ঘটনায় জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই। পাশাপাশি পরীমনির ছোড়া মদের গ্লাসে নাসির উদ্দিনের আঘাত পাওয়ার ঘটনারও সত্যতা পাওয়া গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।