- খুলনা জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–সিজন ২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের বিশেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর অফার লেটার গ্রহণ করেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের কৃতী সন্তান সাদিয়া আক্তার।
সাদিয়া আক্তার হিংগারপাড়া গ্রামের সাবেক কাঁচামাল ব্যবসায়ী মরহুম হারুন মিয়ার মেয়ে। তাঁর এমন অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রত্যন্ত গ্রামের একজন তরুণীর এই সাফল্যে গর্বিত স্থানীয়রা।
স্থানীয়দের মতে, সাদিয়ার এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্যই নয়, বরং পুরো সাদুল্লাপুর উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁর সাফল্য এলাকার নতুন প্রজন্মের ক্রীড়াপ্রেমীদের খেলাধুলায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
ক্রীড়াঙ্গনে সাদিয়া আরও সাফল্য অর্জন করে দেশ ও এলাকার মুখ উজ্জ্বল করবেন—এমন প্রত্যাশা পরিবার, স্বজন ও এলাকাবাসীর।