সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও প্রকৃতির সৌন্দর্য উপভোগের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়। চুনারুঘাটের মনোরম চণ্ডীছড়া চা-বাগানে তোলা তাঁর কয়েকটি সেলফি ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
গত বুধবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন মৈত্রী রায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রটোকলের ফাঁকে সেল্ফি প্রটোকল, চণ্ডীছড়া চা বাগান, চুনারুঘাট।’ ছবিগুলোর সঙ্গে রোমান্টিক আবহের একটি গানও যুক্ত করেন তিনি।
জানা গেছে, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের হবিগঞ্জ সফর উপলক্ষে সরকারি দায়িত্ব ও প্রটোকল পালনে ব্যস্ত ছিলেন মৈত্রী রায়। ওই সফরের অংশ হিসেবে মাধবপুর ও চুনারুঘাটের চণ্ডীছড়া চা-বাগান এলাকায় অবস্থানকালে অবসরের কিছু মুহূর্তে ছবিগুলো তোলেন তিনি।
প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও আগ্রহ রয়েছে এই কর্মকর্তার। এর আগে বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জরিমানা আদায়সহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে আলোচনায় আসেন তিনি।
ছবি তোলার বিষয়ে এসিল্যান্ড মৈত্রী রায় বলেন, “এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানুষের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। প্রতিটি কাজই সুন্দরভাবে করার চেষ্টা করি।”
সরকারি দায়িত্ব পালনের ফাঁকে প্রকৃতির সান্নিধ্যে কাটানো এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।