লেখক: মো. মুখলেছুর রহমান
ইসলামী ফাইন্যান্স বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, সমাজ ও রাষ্ট্রচিন্তক, ভূরাজনৈতিক বিশ্লেষক এবং মানবাধিকারকর্মী
একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো নাগরিকদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত গণশৌচাগার নিশ্চিত করা। অথচ রাজধানী ঢাকায় নারীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী পাবলিক টয়লেটের সংকট প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। কর্মজীবী নারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, পথচারী কিংবা চিকিৎসার প্রয়োজনে বাইরে যাওয়া নারী—সবার জন্যই এটি একটি দৈনন্দিন ভোগান্তির বিষয়। অনেক নারী প্রয়োজন থাকা সত্ত্বেও গণশৌচাগার ব্যবহার করতে পারেন না। কেউ দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখেন, কেউ বাইরে পানি পান কমিয়ে দেন, আবার কেউ প্রয়োজনীয় কাজ শেষ না করেই দ্রুত বাড়ি ফেরার চেষ্টা করেন। এটি শুধু নাগরিক সুবিধার ঘাটতি নয়; নারীর স্বাস্থ্য, ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও সমান নাগরিক অধিকারসংক্রান্ত একটি গুরুতর সমস্যা।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে রাজধানীর নারীবান্ধব পাবলিক টয়লেটের সংকট এবং এর কারণে নারীদের নানা শারীরিক সমস্যার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীনস্থ গণশৌচাগারের সংখ্যা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওয়াটারএইডের গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে, ফলে সমস্যাটির গভীরতা সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায়। গবেষণায় অংশ নেওয়া নারীদের একটি উল্লেখযোগ্য অংশ জানিয়েছেন, বাইরে পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য শৌচাগার না থাকায় তাঁরা পানি পান কমিয়ে দেন কিংবা গণশৌচাগার ব্যবহার এড়িয়ে চলেন।
ওয়াটারএইডের ২০২৫ সালের গবেষণা Women on the go: How poor sanitation influences urban women’s water intake in Bangladesh এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ৮৬৫ জন শহুরে নারীর ওপর পরিচালিত এ গবেষণায় দেখা যায়, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব নারীদের পানি গ্রহণ এবং দৈনন্দিন চলাচলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থাৎ সমস্যাটি বিচ্ছিন্ন কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা নয়; এর পেছনে রয়েছে নগর অবকাঠামো ও সেবা ব্যবস্থাপনার কাঠামোগত দুর্বলতা।
পর্যাপ্ত পানি পান না করা শরীরে পানিশূন্যতা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য ও শারীরিক অস্বস্তির ঝুঁকি বাড়াতে পারে। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখাও অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
সমস্যাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নারীর অর্থনৈতিক ও সামাজিক অংশগ্রহণ। একজন নারী যদি কর্মস্থলে যাওয়া-আসার পথে, বাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা গণপরিবহনে চলাচলের সময় নিরাপদ শৌচাগার না পান, তাহলে তাঁর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। কর্মজীবী নারীর কর্মঘণ্টা, শিক্ষার্থীর শিক্ষাজীবন, ক্ষুদ্র ব্যবসায়ীর আয় এবং সাধারণ নারীর চলাচলের স্বাধীনতা—সবকিছুই এর দ্বারা প্রভাবিত হতে পারে। ফলে নারীবান্ধব গণশৌচাগার নির্মাণকে কেবল পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধির বিষয় হিসেবে দেখলে চলবে না; এটি নারীর কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গেও সম্পর্কিত।
বিশেষভাবে বিবেচনা করতে হবে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার বিষয়টি। অধিকাংশ গণশৌচাগারে পর্যাপ্ত পানি, সাবান, বর্জ্য ফেলার ব্যবস্থা, স্যানিটারি ন্যাপকিন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার উপযোগী পরিবেশ নেই। অনেক স্থানে নারীদের জন্য পৃথক ও নিরাপদ প্রবেশপথ, পর্যাপ্ত আলো, দরজার কার্যকর ছিটকিনি কিংবা নিরাপত্তার ব্যবস্থাও অপর্যাপ্ত। প্রতিবন্ধী নারীদের প্রয়োজনীয় সুবিধা আরও সীমিত। ফলে কাগজে-কলমে কোনো কোনো স্থানে নারীদের জন্য শৌচাগার থাকলেও সেগুলো প্রয়োজনের তুলনায় বেশ কম এবং বাস্তবে সেগুলোর একটি বড় অংশই ব্যবহারের অনুপযোগী।
এ ক্ষেত্রে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু কতটি গণশৌচাগার নির্মিত হয়েছে, সেই পরিসংখ্যান প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। কতটি সচল, কতটি পরিচ্ছন্ন, কতটিতে সার্বক্ষণিক পানি রয়েছে, কতটিতে প্রয়োজনীয় সংখ্যক নারী সেবিকা আছেন এবং ব্যবহারকারীরা কতটা নিরাপদ বোধ করেন—এসব বিষয় নিবিড়ভাবে তদারকি করা এবং সংশ্লিষ্ট তথ্য নিয়মিত প্রকাশ করা দুই সিটি কর্পোরেশনের দায়িত্বের অন্তর্ভুক্ত।গণশৌচাগারের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত পরিসংখ্যানে ভিন্নতা রয়েছে। তাই আমার বিবেচনায় দুই সিটি করপোরেশনের উচিত যৌথভাবে পূর্ণাঙ্গ জরিপ করে অবস্থান, ধারণক্ষমতা, নারী-পুরুষের পৃথক সুবিধা এবং কার্যকারিতার হালনাগাদ তথ্য প্রকাশ করা।
পাবলিক টয়লেট পরিচালনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে সেখানেও কঠোর নজরদারি প্রয়োজন। ইজারা বা পরিচালনা চুক্তির প্রধান শর্ত হওয়া উচিত পরিচ্ছন্নতা, নিরাপত্তা, পানি ও প্রয়োজনীয় উপকরণের সরবরাহ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। শুধু রাজস্ব আয় বা ইজারামূল্যকে অগ্রাধিকার দিলে জনসেবার উদ্দেশ্য ব্যাহত হবে। চুক্তির শর্ত ভঙ্গ করলে জরিমানা, ইজারা বাতিল এবং বিকল্প পরিচালনাকারী নিয়োগের ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার দায়িত্বে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত নারী কর্মী নিয়োগ করা প্রয়োজন।
রাজধানীর গুরুত্বপূর্ণ বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, পার্ক, বিনোদনকেন্দ্র এবং জনসমাগমপূর্ণ এলাকায় পর্যাপ্ত নারীবান্ধব গণশৌচাগার নিশ্চিত করতে হবে। নতুন নগর উন্নয়ন প্রকল্প অনুমোদনের সময় গণশৌচাগারের ব্যবস্থা বাধ্যতামূলক করা যেতে পারে। পুরোনো স্থাপনাগুলোতেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিশেষ করে গণপরিবহনকেন্দ্র ও দীর্ঘ সময় অবস্থান করতে হয় এমন এলাকায় নারীদের প্রয়োজন বিবেচনায় শৌচাগারের সংখ্যা ও ধারণক্ষমতা নির্ধারণ করা বিশেষভাবে জরুরি।
এ ক্ষেত্রে ওয়াটারএইডের সহযোগিতায় ঢাকার মহাখালী বাস টার্মিনালে চালু হওয়া ‘অনন্যা’ নারী-কেন্দ্রিক গণশৌচাগার একটি ইতিবাচক উদাহরণ। এ ধরনের উদ্যোগে নারীদের জন্য পৃথক শৌচাগারের পাশাপাশি নিরাপদ পরিবেশ, স্যানিটারি ন্যাপকিন, শিশুকে বুকের দুধ খাওয়ানোর স্থান এবং প্রতিবন্ধীবান্ধব সুবিধার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অনুরূপ সুবিধা সম্প্রসারণ করা যেতে পারে। তবে একটি বা কয়েকটি ভালো উদ্যোগ দিয়ে সামগ্রিক সংকটের সমাধান হবে না; প্রয়োজন সুপরিকল্পিতভাবে পুরো নগরব্যাপী এর পর্যাপ্ত সম্প্রসারণ।
গণশৌচাগার ব্যবহারের জন্য অতিরিক্ত ফি আরোপ করাও আমার দৃষ্টিতে অনুচিত। বিশেষ করে নিম্ন আয়ের নারী, পথশিশু, শিক্ষার্থী, শ্রমজীবী ও দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে অথবা নামমাত্র মূল্যে মৌলিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মনে করি। জনস্বাস্থ্য ও নাগরিক মর্যাদার সঙ্গে সম্পর্কিত এ সেবাকে মুনাফাভিত্তিক ব্যবসায় পরিণত করা মানবিকতার পরিপন্থীপ্রয়োজন হলে সিটি করপোরেশনের বাজেট, সরকারি অনুদান এবং দায়িত্বশীল বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এর ব্যয় নির্বাহ করা যেতে পারে।
সরকারের উচিত নারীবান্ধব গণশৌচাগার নির্মাণ ও পরিচালনার জন্য একটি জাতীয় ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করা। এতে পরিচ্ছন্নতা, পর্যাপ্ত পানি, সাবান, আলো, বায়ু চলাচল, গোপনীয়তা, নিরাপত্তা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং প্রতিবন্ধীবান্ধব প্রবেশাধিকারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা।প্রতিটি গণশৌচাগারে অভিযোগ জানানোর জন্য টেলিফোন ও মোবাইল নম্বর, অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির পরিচয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সময়সূচি প্রদর্শন বাধ্যতামূলক করা যেতে পারে। নিয়মিত পরিদর্শন এবং ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে মান যাচাইয়ের ব্যবস্থাও থাকা দরকার।
এখানে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। গণশৌচাগার ব্যবহারের পর পরিচ্ছন্ন রাখা, পানির অপচয় না করা, স্থাপনা নষ্ট না করা এবং অনিয়ম দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত। তবে নাগরিক সচেতনতার কথা বলে কর্তৃপক্ষেকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া যাবে না। অবকাঠামো নির্মাণ, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার মূল দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি সংস্থার।
আমাদের মনে রাখতে হবে, একটি নগরীর উন্নয়ন শুধু উঁচু ভবন, প্রশস্ত সড়ক, ফ্লাইওভার, মেট্রোরেল কিংবা দৃষ্টিনন্দন স্থাপনা দিয়ে পরিমাপ করা যায় না। উন্নয়নের প্রকৃত মান নির্ধারিত হয় সাধারণ মানুষ কতটা স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারছেন, তার ভিত্তিতে। নারীর জন্য নিরাপদ পাবলিক টয়লেট নিশ্চিত করতে না পারলে নগর উন্নয়নের অনেক অর্জনই অসম্পূর্ণ থেকে যাবে।
নারীর স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা কোনো বিশেষ সুবিধার বিষয় নয়; এটি তাঁদের নাগরিক অধিকারের অংশ। তাই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে এ সংকট সমাধানে অবিলম্বে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। রাজধানী থেকে শুরু করে দেশের সব শহর ও পৌর এলাকায় পর্যাপ্ত, পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী নারীবান্ধব গণশৌচাগার নিশ্চিত করতে হবে। কারণ, যে নগরী নারীর মৌলিক প্রয়োজনকে উপেক্ষা করে, সে নগরী কখনোই প্রকৃত অর্থে আধুনিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক হতে পারে না।