খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ নভেম্বর, রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সবিতা সরকার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বৈষম্যহীন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। এ সময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া জনতা সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, কৃষ্ণপদ দাস ও দীপংকর মণ্ডল।
অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের অভিজ্ঞতা তুলে ধরেন রুপা দাস। তিনি বলেন, প্রায় পাঁচ বছর আগে ডুমুরিয়ার একটি নারী সমবায় সমিতির সঙ্গে যুক্ত হন তিনি। তখন তাঁর নিজের তেমন কোনো পুঁজি ছিল না। সমবায় সমিতি থেকে সহজ শর্তে ঋণ নিয়ে ক্ষুদ্র পরিসরে নকশিকাঁথার কাজ শুরু করেন। বর্তমানে তাঁর সঙ্গে এলাকার ১০ থেকে ১২ জন নারী কাজ করছেন।
তিনি আরও বলেন, সমবায় তাঁর জীবন বদলে দিয়েছে। নারীদের ঘরে বসে না থেকে সমবায়ের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, একা যা করা সম্ভব নয়, সমবেত উদ্যোগে তার চেয়ে বহুগুণ বেশি অর্জন করা সম্ভব।
বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অগ্রগতিতে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন বিপন্ন কুমার মণ্ডল।