“করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় দপ্তর, রামপালের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম আব্দুল হান্নান। পবিত্র গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দ্বিজেন্দ্র লাল মল্লিক। পরে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ।
আলোচনা সভায় বক্তব্য দেন রাজনগর সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য চপল সরকার, গিলাতলা চামড়াজাতপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য নাজমা বেগম, কালব লিমিটেডের ব্যবস্থাপক মোর্তজা আনোয়ার, কালব লিমিটেডের রামপাল শাখার চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কো-অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জামায়াতের সভাপতি মল্লিক আব্দুল হাই, ফয়লাহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সদস্য আলতাফ হোসেন বাবু এবং রামপাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুব্রত বিশ্বাস।
বক্তারা তাঁদের বক্তব্যে সমবায় আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, একটি স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় সমিতিগুলোতে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে কার্যক্রম পরিচালনা করা গেলে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং আর্থসামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সমবায় সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।