কুড়িগ্রামের সীমান্তবর্তী ভূরুঙ্গামারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম. আর. সাঈদ। গত ৫ নভেম্বর ২০২৬ বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে ভূরুঙ্গামারী থানায় যোগদান করেন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার ঢুষমারা থানায় কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা গাইবান্ধা। ভূরুঙ্গামারী থানায় এর আগে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন আজিম উদ্দিন।
দায়িত্ব গ্রহণের পর এক বার্তায় ওসি এম. আর. সাঈদ বলেন, “অত্র ভূরুঙ্গামারী থানা এলাকার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
নতুন ওসির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।
স্থানীয়দের ভাষ্য, ভূরুঙ্গামারী উপজেলার তিন দিকেই ভারতের সীমান্ত। সীমান্তের কয়েকটি স্থানে কাঁটাতারের বেড়া না থাকাসহ বিভিন্ন সুযোগ কাজে লাগিয়ে নদীপথে ও অন্যান্য পথে মাদক, মোবাইল ফোন, ডিসপ্লে, ভারতীয় গরু, প্রসাধনী, মসলাসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগ রয়েছে। এসব চোরাচালানের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত বলে অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের সঙ্গে তাঁদের লেনদেনের অভিযোগ থাকলেও অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
এ ছাড়া রাজনৈতিক পরিচয় কিংবা পুলিশ ও পুলিশের সোর্স পরিচয় ব্যবহার করে অর্থের বিনিময়ে অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও রয়েছে। জমিজমার বিরোধ মীমাংসার নামে দালাল চক্রের হয়রানি এবং প্রভাবশালীদের তদবিরে আসামি ছাড়িয়ে নেওয়ার অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় নাগরিকদের অভিযোগ, রাজনৈতিক ও প্রভাবশালী মহলের চাপে থানায় মামলা গ্রহণ না করার ঘটনাও ঘটেছে। এমনকি ধর্ষণের শিকার এক ভুক্তভোগীকে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে কোনো ভুক্তভোগী যেন এমন পরিস্থিতির শিকার না হন, সে জন্য অপরাধের অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ এবং পরিচয়-প্রভাবের ঊর্ধ্বে উঠে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখছেন স্থানীয়রা। তাঁদের তথ্য অনুযায়ী, একসময় ভূরুঙ্গামারী উপজেলা বাসস্ট্যান্ড থেকে জামতলা হয়ে সাদ্দাম মোড় পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। থানার মাধ্যমে এসব ক্যামেরা মনিটরিং করায় ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছিল। তবে বর্তমানে ক্যামেরাগুলো খুলে রাখা হয়েছে। তাই অপরাধী শনাক্ত ও অপরাধ নিয়ন্ত্রণে আগের মতো সিসি ক্যামেরা পুনরায় স্থাপন এবং থানা থেকে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে সাংবাদিক ও সচেতন নাগরিকরা নতুন ওসিকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশের অভিযান ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের ক্ষেত্রে সংশ্লিষ্ট তথ্য, ছবি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশে সহযোগিতা প্রত্যাশা করেন তাঁরা। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবার অভিযোগ সমান গুরুত্ব দিয়ে পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ওসি এম. আর. সাঈদের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষ নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের ভালোবাসা ও আস্থা অর্জনের মধ্য দিয়ে তিনি কর্মস্থলে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন—এমন প্রত্যাশা তাঁদের।