দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে চিকিৎসাকেন্দ্রিকতার পরিবর্তে প্রতিরোধ ও স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।
রোববার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, নতুন স্বাস্থ্যব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং ইউনিয়ন পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি সেন্টারের অধীনে তিনটি করে সুস্বাস্থ্যের হাব গড়ে তোলা হবে। এসব কেন্দ্রের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। সাধারণ মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে সারাদেশে স্বাস্থ্য খাতের নতুন অবকাঠামো নির্মাণ ও হাসপাতালের ভবন নির্মাণের কাজ চলছে।
এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে দেশের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য, মানসম্মত ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নু, ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।