অভিনেত্রী মেঘলা মুক্তার বাবার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সোমবার (৯ নভেম্বর) রাত থেকে নিখোঁজ রয়েছেন তিনি। বাবার অসুস্থতার কারণে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে অভিনেত্রীসহ পরিবারের সদস্যদের।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে নিজের ফেসবুক পোস্টে বাবার নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ করেন মেঘলা।
অভিনেত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা হন তাঁর বাবা। রাত ৮টা ৫০ মিনিটে মেঘলার সঙ্গে তাঁর বাবার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
ফেসবুক পোস্টে মেঘলা জানান, তাঁর বাবা গুরুতর অসুস্থ। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে পরিবারের সদস্যরা বিশেষভাবে উদ্বিগ্ন। উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল এবং কুর্মিটোলা হাসপাতালসহ প্রয়োজনীয় হাসপাতালগুলোতে খোঁজ নিয়েও বাবার কোনো সন্ধান পাননি তাঁরা।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী।
মেঘলা জানান, উত্তরখানে তাঁদের একটি জায়গায় নির্মাণকাজ চলছিল। সেই কাজ তদারকি করতেই সেখানে গিয়েছিলেন তাঁর বাবা। পরে বসুন্ধরার বাসায় ফেরার উদ্দেশে রওনা হলেও আর বাসায় পৌঁছাননি।
বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন মেঘলা। সেখানে তিনি লেখেন, কেউ তাঁর বাবাকে কোথাও দেখে থাকলে, তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে কিংবা সামান্য কোনো খোঁজ পেলেও যেন দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করেন। একটি তথ্য বা সহযোগিতা তাঁর বাবাকে খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে মেঘলা মুক্তা নিজেও বেশ কিছুদিন ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন। গত ২৮ জুলাই রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর বেশ কিছুদিন তাঁকে আইসিইউতে চিকিৎসাধীন থাকতে হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর ওই ঘটনায় আইনি পদক্ষেপ নেন অভিনেত্রী। তবে প্রত্যাশিত ফল পাননি বলে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।
বর্তমানে বাবার সন্ধান না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন মেঘলা মুক্তা। পরিবারের পক্ষ থেকে তাঁর বাবার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।