বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনার পর বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাঁরা মহাসড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একদল ব্যক্তি জড়ো হয়ে পিকেটিং শুরু করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং একটি ভ্যানে বস্তা ও চটের মাধ্যমে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
অগ্নিসংযোগের ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান আজাদ, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, মিছিলে পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শ্রমিক নেতা মাহমুদুল হাসান লিটন ও শওকত খন্দকার, বগুড়া জেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল আলম রকি।
এ ছাড়া শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান আরমান, শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাতুল সরকার, বজলুর তৌহিদ সাব্বির, রাকিবুল ইসলাম রকি এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ সরকারসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় তাঁরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একটি ভ্যানের ওপর বস্তা ও চট দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, শেরপুর থানা-পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এখন পর্যন্ত গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য আসেনি। অন্য কোনো এলাকার ঘটনার ভিডিও শেরপুরের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত রয়েছে।