রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে পরিচালকের কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থী ও চিকিৎসকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অবরুদ্ধ হওয়া দুই সাবেক নেতা হলেন, রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার ও সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।
জানা গেছে, হাসপাতাল পরিচালকের কার্যালয়ে ওই দুই সাবেক ছাত্রলীগ নেতার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তারা পরিচালকের কার্যালয়ে গিয়ে দুজনকে অবরুদ্ধ করে রাখেন।
এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গোপনে ছাত্রলীগকে মদদ দেওয়ার অভিযোগ তুলে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। এ ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।