অভিনয়শিল্পীদের প্রতিভা ও কাজের যথাযথ মূল্যায়ন না হয়ে তাঁদের ব্যক্তিগত জীবন, পোশাক-পরিচ্ছদ এবং বিলাসী জীবনযাপন নিয়ে বেশি আলোচনা হচ্ছে—এমন আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেত্রীর অভিনয়দক্ষতা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে বিনোদনজগতের বর্তমান আলোচনার ধরন নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন শবনম ফারিয়া। তাঁর মতে, অভিনয়ে দক্ষ ও গুণী শিল্পীদের কাজ নিয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন।
পোস্টে অভিনেত্রী জয়া আহসানের অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করেন ফারিয়া। একই সঙ্গে জয়ার পোষা প্রাণী, গাছপালা, বাগানবাড়ি এবং ব্যাগ ও ঘড়ির সংগ্রহের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান।
অভিনয়ে আসার আগে দেখা দুটি ধারাবাহিকের কথা উল্লেখ করে তিনি ‘স্পর্শের বাইরে’ নাটকের অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন। অভিনয়জীবনের শুরুর দিকে ‘কলিং বেল’ নামের একটি সিরিজে প্রীতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও স্মরণ করেন তিনি। ফারিয়ার ভাষায়, প্রীতি একজন স্বল্পভাষী ও পেশাদার অভিনেত্রী।
নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদের অভিনয় তাঁকে বিশেষভাবে মুগ্ধ করে বলেও জানান শবনম ফারিয়া। মৌসুমীর অভিনয় দেখে তাঁর নিজেরও একইভাবে অভিনয় করার ইচ্ছা হয় বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মৌসুমীর পরিশ্রম, অভিনয়দক্ষতা ও প্রাণবন্ত স্বভাবের প্রশংসা করেন।
অভিনেত্রী নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়েও নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন ফারিয়া। তাঁর মতে, অভিনয়ে সংলাপের পাশাপাশি চোখের অভিব্যক্তিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুবর্ণা মুস্তাফার পর অর্ষার মধ্যে তিনি এমন বৈশিষ্ট্য দেখতে পেয়েছেন।
ফেসবুক পোস্টের শেষাংশে শবনম ফারিয়া বলেন, দেশে ভালো অভিনয় করেন এবং পরিশীলিত ও সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাঁদের অভিনয় নিয়ে আলোচনার পরিবর্তে পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটার মতো বিষয় বেশি গুরুত্ব পাচ্ছে।
শবনম ফারিয়ার এই বক্তব্যে বিনোদন অঙ্গনে শিল্পীদের ব্যক্তিগত জীবন ও বাহ্যিক বিষয়গুলোর পরিবর্তে তাঁদের অভিনয়, দক্ষতা ও প্রতিভাকে গুরুত্ব দেওয়ার আহ্বান উঠে এসেছে।