কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ! যিনি কানাডা ও ইংল্যান্ড এর কেন্দ্রীয় ব্যাংক এর প্রাক্তন গভর্নর। অর্থনৈতিক বিপর্যয়কে মোকাবিলা করাই যার কাজ। বিপর্যস্ত অর্থনীতিকে কিভাবে সামলাবেন, সেই ডিপ্লোমেটিক বক্তব্য শোনার জন্য এই মূহুর্তে যার জন্য বিশ্বনেতারা ও ইনভেস্টররা উদগ্রীব থাকেন।
কানাডা আর আগের মতো একটি বাজারের ওপর নির্ভর করতে চায় না। আমেরিকার সংরক্ষণবাদী বাণিজ্যের প্রভাব কমিয়ে ভূ-রাজনীতির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কানাডা তার অর্থনীতির সুরক্ষায় বিশ্বমঞ্চে নতুন নতুন অংশীদার তৈরি করে সফলভাবেই এগিয়ে যাচ্ছে। আর এই বৈশ্বিক অর্থনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতার মধ্যে এই মুহূর্তে বিনিয়োগের জন্যও সবচেয়ে নিরাপদ স্থান কানাডা।
মার্ক কার্নি আজ বুধবার বৃহত্তর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এক ঝটিকা সফরে (১১ থেকে ১৯ নভেম্বর) ‘র উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এই সফরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলন, চীনে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলন এবং কম্বোডিয়ায় ফ্রাঙ্কোফোনি শীর্ষ সম্মেলন।
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফর এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতির মধ্যেই নতুন বাণিজ্য তথ্য থেকে গতকাল সিটিভি’র রিপোর্টে উঠে আসলো মার্ক কার্নির চমক। যেখানে বলা হচ্ছে, “চীনে কানাডার রপ্তানি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে পশ্চিম কানাডার ক্ষেত্রে”।
প্রকাশিত রিপোর্টে ইউনিভার্সিটি অফ আলবার্টার ‘চায়না ইনস্টিটিউট’-এর সংকলিত তৃতীয় প্রান্তিকের পরিসংখ্যান অনুযায়ী, খাদ্য ও জ্বালানি পণ্য রপ্তানির নেতৃত্বে রপ্তানি খাতে জোরালো প্রবৃদ্ধি দেখা গেছে।
”আমাদের রপ্তানি এ বছর রেকর্ড উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে এবং এই সংখ্যা দ্রুত বাড়ছে,” বলেছেন চায়না ইনস্টিটিউটের পরিচালক ফিলিপ রিউল্ট।
এই বাণিজ্য বৃদ্ধি কানাডা – চীন সম্পর্কের সেই নিম্নবিন্দু থেকে একটি বড় ধরনের মোড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, যা ২০১৮ সালে ভ্যাঙ্কুভারে হুয়াওয়ে নির্বাহী মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের পর চীনে কানাডীয় নাগরিক মাইকেল কোভরিগ ও মাইকেল স্প্যাভোরকে আটকের ঘটনায় তৈরি হয়েছিল।
২০২৬ এর জানুয়ারীতে মার্ক কার্নি চীন সফরের স্বাক্ষরিত কয়েকটি চুক্তির পর দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। এই চুক্তির আওতায় কানাডীয় পণ্যের ওপর চীনের শুল্ক হার কমানোর বিনিময়ে কানাডা তাদের বাজারে চীনা বৈদ্যুতিক যানবাহন প্রবেশের অনুমতি দিয়েছে।
তৃতীয় প্রান্তিকে মোট দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ ৩৬.৭৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা এখন পর্যন্ত যেকোনো প্রান্তিকের তুলনায় সর্বোচ্চ। মূলত জ্বালানি পণ্য রপ্তানির কারণেই এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চীনে অপরিশোধিত তেল রপ্তানি ১৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দৈনিক গড়ে ৩ লাখ ২৭ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে। এই উল্লেখযোগ্য বৃদ্ধির পেছনে ‘ট্রান্স মাউন্টেন’ পাইপলাইনের মাধ্যমে তৈরি হওয়া অতিরিক্ত সক্ষমতাকে প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
চায়না ইনস্টিটিউটের পরিচালক ফিলিপ রিউল্ট বলেন, “আমার মনে হয়, অনেক বিশেষজ্ঞই ধারণা করেছিলেন যে কানাডীয় অপরিশোধিত তেলের বড় অংশ – যা সমুদ্রতীরবর্তী টার্মিনাল পর্যন্ত পৌঁছাবে – তা শেষ পর্যন্ত এশিয়ার বদলে ক্যালিফোর্নিয়ায় যাবে। এই ধারণাটি জোরালোভাবে ভুল প্রমাণিত হয়েছে। এখন এর প্রায় পুরোটাই পূর্ব এশিয়ায় যাচ্ছে এবং এর বড় অংশই যাচ্ছে চীনে,”।
তিনি বলেন – পরিসংখ্যানগুলো থেকে এটিও ইঙ্গিত পাওয়া যায় যে, কানাডীয় কৃষিপণ্যের ওপর চীনের শুল্কহার কিছুটা শিথিল হয়েছে। ক্যানোলা মিল রপ্তানি আগের বছরের ১২.৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬০.৩ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মটরশুঁটি রপ্তানি ৯.২ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১৪৭.৬ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, গরুর মাংস রপ্তানি ১৮১.৪ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, অথচ এক বছর আগেও এই রপ্তানি প্রায় ছিলই না।
তবে এই প্রান্তিকে অধিকাংশ প্রদেশেই চীনে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেলেও, সামগ্রিক এই বৃদ্ধির প্রায় ৭৮ শতাংশই এসেছে আলবার্টা ও সাসকাচুয়ান থেকে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, চীনে জাতীয় অভ্যন্তরীণ রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ৪.৩২ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। আলবার্টা থেকে এই রপ্তানি বৃদ্ধির মূল কারণ ছিল অপরিশোধিত তেল, আর সাসকাচুয়ান থেকে এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মূলত ক্যানোলা মিল, ক্যানোলা বীজ, পটাশ এবং মটর রপ্তানির মাধ্যমে।
রিউল্ট বলেছেন যে, এই সংখ্যাগুলো চীনের সঙ্গে কানাডার নতুন করে সম্পৃক্ত হওয়ার প্রভাব এবং ফেডারেল নীতিতে পরিবর্তনের বিষয়টি তুলে ধরে। “আমার মনে হয়, এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র কানাডার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করতে পারে, তখন চীনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার কতটা সক্রিয় ভূমিকা নিচ্ছেন – তা দেখে কিছু পর্যবেক্ষক হয়তো এখনও বিস্মিত হবেন,” বলেছেন রিউল্ট।
চীনের সঙ্গে কানাডার সম্পর্ক আরও গভীর হওয়ার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকিগুলো সম্পর্কে জানতে চাওয়া হলে, গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সাংবাদিকদের বলেন যে, কানাডার ঝুঁকির মাত্রা এখনও সীমিত। “আমাদের অংশীদারিত্বের ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তা – উদাহরণস্বরূপ – যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকির তুলনায় অনেক, অনেক, অনেক, অনেক কম,”।
কার্নি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে সরাসরি নিরাপত্তার বিষয়গুলো উত্থাপন করার পরিকল্পনা করছেন। কার্নি বলেন – “এই ধরনের বৈঠকের সুবিধা হলো, আপনি সরাসরি ও খোলামেলাভাবে বিভিন্ন বিষয় তুলে ধরতে পারেন। আমি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চীন বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ না করার বিষয়টি – যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ – তা বিশেষভাবে উত্থাপন করব।”
১৮ – ১৯ নভেম্বর এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (APEC) শীর্ষ সম্মেলনের সময় শেনজেনে কার্নির চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি বৈঠক হবে। দায়িত্ব গ্রহণের পর এটি হবে মার্ক কার্নির দ্বিতীয় চীন সফর। যেখানে নেতাদের শুল্ক, বাণিজ্য এবং চীনা বিনিয়োগ নিয়ে আরো গভীর ভাবে আলোচনা করার কথা