সিরাজগঞ্জে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ করে যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে আধুনিক কৃষিযন্ত্রের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বক্তারা বলেন, প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ ও শ্রমিকনির্ভরতা কমানো সম্ভব। বিশেষ করে কৃষিশ্রমিক সংকটের সময়ে যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণ ও কর্তন কৃষকদের জন্য কার্যকর সমাধান হতে পারে।
তারা আরও বলেন, সমবায় পদ্ধতিতে কৃষকদের একত্র করে বৃহৎ পরিসরে চাষাবাদ করলে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার সহজ হয়। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।
এ সময় কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল আমন ধানের চাষ ও যান্ত্রিক পদ্ধতিতে কর্তনের এ উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণে অন্য কৃষকরাও উৎসাহিত হবেন।