পরিবার পরিকল্পনা কার্যক্রম সচল রাখা এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ নিশ্চিত করতে প্রায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার জন্মনিয়ন্ত্রণ বড়ি কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব বড়ি সরবরাহের দায়িত্ব পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এতে সরকারের ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উত্থাপন করা হলে প্রয়োজনীয় পর্যালোচনা শেষে তা অনুমোদন দেয় কমিটি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি সংগ্রহ করা হবে।
এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দরপত্র মূল্যায়নের পর পপুলার ফার্মাসিউটিক্যালসকে সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সুপারিশ করা হয়। পরবর্তী সময়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
সরকারের এ ক্রয় উদ্যোগের মাধ্যমে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি মা ও প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমে সহায়তা মিলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।