প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই যেসব উন্নয়ন পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরেছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আগেই দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। এমনকি বিশ্ব জলবায়ু সম্মেলনেও তিনি এসব পরিকল্পনা তুলে ধরেছেন। বর্তমানে দেশে পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ চলছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন সালেহ শিবলী। তিনি আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রেস সচিব জানান, গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলন আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি ভাষণ দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন। এ নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি সম্মেলনের অংশ হিসেবে বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামও অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সালেহ শিবলী বলেন, সফরে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য আগামী এক-দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এবার তুরস্ক সফরে গিয়েছিলেন মাত্র ২১ জন। এটিকে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর যাতায়াত ঘিরে বিমানবন্দরে আগের মতো হাজার হাজার মানুষের উপস্থিতি ও ভোগান্তির পরিস্থিতি থেকেও দেশ বেরিয়ে এসেছে।।
উল্লেখ্য, কপ৩১ সম্মেলন ও আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব তুলে ধরেন তিনি।