শেরপুরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গজনী অবকাশে বেড়াতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে শিক্ষকসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ জনের একটি দল গজনী অবকাশে যান। সকালে নাশতা শেষে আট শিক্ষার্থী একসঙ্গে পর্যটনকেন্দ্রের বিভিন্ন জায়গায় ঘুরে দেখছিলেন। এ সময় দুই ব্যক্তি তাঁদের পথ আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
একপর্যায়ে ওই দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র, ছুরি ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীদের পাশের জঙ্গলের ভেতরে নিয়ে যান। সেখানে তাঁদের মারধর করে মাথায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করা হয়। পরে আটটি মুঠোফোন, মানিব্যাগ, নগদ অর্থ, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।
ভুক্তভোগী শিক্ষার্থী রিমন রায়হান বলেন, সকালে নাশতা শেষে তাঁরা আটজন মিলে ঘুরছিলেন। হঠাৎ দুই ব্যক্তি তাঁদের থামিয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। পরে পিস্তল দেখিয়ে জঙ্গলের দিকে নিয়ে গিয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে সবার মুঠোফোন, মানিব্যাগ ও টাকা নিয়ে নেন। এরপর সামনে দৌড়ে যেতে বলেন। পেছনে ফিরে তাকালে গুলি করার হুমকিও দেওয়া হয়।
সমাজকর্ম বিভাগের প্রভাষক তানভীর হোসেন জানান, সকাল ৮টার দিকে তাঁরা গজনী অবকাশে পৌঁছান। পরে আট শিক্ষার্থী ঘুরতে বের হলে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়া হয়। তিনি বলেন, পর্যটনকেন্দ্রটির ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে কোনো সতর্কতামূলক নির্দেশনা বা চিহ্ন নেই। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে আসে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।