বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সম্মেলনে তিনি ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. আবদুস সালাম এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ এমরান কাইয়ুম। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ. কে. এম. লুৎফর রহমান।সম্মেলনের প্রতিপাদ্য “Chemistry Innovations for Future Challenges” বিষয়ে বক্তব্য প্রদানকালে রাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন বিজ্ঞানের বহুমাত্রিক ভূমিকা তুলে ধরেন। তিনি রসায়ন গবেষণা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন।এ সময় তিনি একাডেমিয়া ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা, টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, শিল্পায়ন এবং মানবকল্যাণে রসায়ন বিজ্ঞানের গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভবিষ্যতের বিভিন্ন রাসায়নিক চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির এ বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিশিষ্ট রসায়নবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন। জাতীয় পর্যায়ের এ বৈজ্ঞানিক আয়োজনে রাবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।তথ্যসূত্র: তথ্য, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।