বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে দেশের ব্যাংক খাত পুনরুদ্ধারে জাতীয় বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলছেন। এ বরাদ্দ আগামী আট বছর পর্যন্ত প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেছেন। সে হিসাবে আট বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হতে পারে প্রায় ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। ব্যাংক খাতের এই বিপুল আর্থিক ক্ষতির দায় শেষ পর্যন্ত বহন করতে হবে সাধারণ করদাতাদের। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে ব্যাংকঋণ গ্রহণ, অর্থের অপব্যবহার কিংবা অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তাদের দায় কেন সাধারণ করদাতাদের বহন করতে হবে? একজনের অপরাধের দায় অন্যজনকে বহন করতে হবে- এমন বিধান না ইসলামে আছে, না আছে প্রচলিত আইনে।
দেশের ব্যাংক খাতের বর্তমান সংকট কয়েকদিনেই সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের দুর্বল তদারকি, রাজনৈতিক প্রভাব, ঋণ অনুমোদনে অনিয়ম, সুশাসনের ঘাটতি এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ভূমিকার অভাবের ফলেই এই সংকটের সৃষ্টি হয়েছে। এস আলম গ্রুপ, বেক্সিমকো, নাসা, অ্যাননটেক্স, ক্রিসেন্ট ও থার্মেক্সসহ বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংকঋণ গ্রহণ ও ব্যবহারে অনিয়ম, ঋণের অর্থের প্রকৃত গন্তব্য গোপন রাখা এবং অর্থ বিদেশে স্থানান্তরের অভিযোগ বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। ততকালীন সরকারের প্রত্যক্ষ মদদ ছাড়া এসব ব্যাংকিং অনিয়ম সংঘটিত হওয়ার সুযোগ নেই বললেই চলে।এসব অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ায় দায় নির্ধারণ জরুরি।
কোনো ঋণ অনাদায়ি হলেই তা আত্মসাৎ বা অপরাধ হিসেবে গণ্য হয় না। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে জালিয়াতি, ভুয়া কাগজপত্র ব্যবহার, জামানতের মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, ঋণের অর্থ অনুমোদিত উদ্দেশ্যের বাইরে সরিয়ে নেওয়া কিংবা পরিকল্পিতভাবে ঋণ পরিশোধ এড়িয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট আইনে অপরাধের পর্যায়ে পড়তে পারে। তাই ব্যাংক খাতের ক্ষতির প্রকৃত কারণ নির্ধারণে ঋণখেলাপি ও সংঘবদ্ধ আর্থিক অনিয়মের মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা প্রয়োজন।
খেলাপি ঋণের পরিসংখ্যান যে প্রশ্ন তোলে
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের প্রায় ৩২ দশমিক ৭৮ শতাংশ। তবে ব্যাংকভেদে পরিস্থিতির ব্যাপক পার্থক্য রয়েছে। কিছু ব্যাংক খেলাপি ঋণের হার তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারলেও কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে তা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
এই ব্যবধান গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, অর্থনৈতিক চাপ বেড়েছে—এ কথা সত্য। কিন্তু একই অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকগুলোর খেলাপি ঋণের হারে যে ব্যবধান শুধু ব্যবসায়িক পরিবেশের অবনতির ব্যাখ্যা দিয়ে এই বৈষম্যকে উপেক্ষা করা যায় না।
অবশ্য খেলাপি ঋণের সবটাই আর্থিক অপরাধের ফল নয়। প্রকৃত ব্যবসায়িক ক্ষতি, বাজারের মন্দা কিংবা অন্যান্য অর্থনৈতিক কারণেও ঋণ পরিশোধ ব্যাহত হতে পারে। কিন্তু কোনো ব্যাংকের ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেলে সেখানে ঋণ অনুমোদন, জামানত যাচাই, ঋণের অর্থের ব্যবহার এবং ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে গভীর তদন্তের প্রয়োজন রয়েছে।
ঋণগ্রহীতার পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের ভূমিকাও তদন্ত করতে হবে
বিপুল অঙ্কের অনাদায়ি ঋণের ক্ষেত্রে শুধু ঋণগ্রহীতাদের দায় অনুসন্ধান করলেই চলবে না। সংশ্লিষ্ট ব্যাংকের তৎকালীন পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, ঋণ অনুমোদনকারী কর্মকর্তা, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ এবং ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের সিদ্ধান্ত ও ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। ঋণ অনুমোদনের সময় যথাযথ যাচাই-বাছাই হয়েছিল কি না, ঋণের অর্থ নির্ধারিত খাতে ব্যবহৃত হয়েছে কি না এবং অনিয়মের তথ্য পাওয়ার পর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করতে হবে।
একইভাবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের দায়িত্ব পালনের বিষয়টিও পর্যালোচনা করা জরুরি। কোনো ব্যাংকে দীর্ঘদিন ধরে ঋণ অনিয়ম ও আর্থিক দুর্বলতা চলতে থাকলে নিয়ন্ত্রক সংস্থার নজরদারিতে ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। অনিয়ম জেনেও ব্যবস্থা না নেওয়া, তথ্য গোপন করা কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন, মালিকানা পরিবর্তন কিংবা ঋণ বিতরণে কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তার অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ থাকলেও তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা প্রয়োজন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেবল অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা যাবে না; তবে প্রমাণিত অনিয়মের ক্ষেত্রে পরিচয় বা প্রভাব বিবেচনা না করে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে।
জনগণের করের টাকা ব্যবহারের আগে জবাবদিহি নিশ্চিত হোক
ব্যাংক খাত পুনর্গঠনে রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজন হতে পারে। কোনো ব্যাংক বিপর্যস্ত হলে সাধারণ আমানতকারী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাই আর্থিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের দায়িত্ব রয়েছে। কিন্তু রাষ্ট্রীয় সহায়তার অর্থ এই নয় যে, অতীতের অনিয়ম ও অব্যবস্থাপনার আর্থিক দায় বিনা প্রশ্নে জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হবে।
বাজেটের অর্থ আসে জনগণের কর থেকে। এই অর্থ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় হওয়ার কথা। সেখানে ব্যাংক খাতের সংকট মোকাবিলায় প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ও নীতিগত প্রশ্ন তৈরি করে। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের আগে ক্ষতির প্রকৃত কারণ নির্ধারণ, দায়ীদের শনাক্ত করা এবং আইনসম্মত উপায়ে অর্থ উদ্ধারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
যেসব ঋণগ্রহীতার বিরুদ্ধে জালিয়াতি, অর্থের অপব্যবহার বা অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত যত দ্রুত সম্ভব, সম্পন্ন করতে হবে। দেশে ও বিদেশে তাঁদের নামে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা সম্পদের উৎস যাচাই করতে হবে। অবৈধভাবে অর্জিত সম্পদ শনাক্ত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তা অবরুদ্ধ, জব্দ ও বাজেয়াপ্ত করার উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিদেশে স্থানান্তরিত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জনগণের প্রত্যাশা, তিনি শুধু বাজেট থেকে অর্থ বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরবেন না; বরং ব্যাংক খাতের ক্ষতির প্রকৃত হিসাব, অনিয়মের ধরন, তদন্তের অগ্রগতি এবং অর্থ উদ্ধারের উদ্যোগ সম্পর্কেও স্বচ্ছ তথ্য প্রকাশ করবেন। কোনো ব্যাংককে সরকারি অর্থ দেওয়া হলে সেই অর্থের ব্যবহার, ব্যবস্থাপনার জবাবদিহি এবং ভবিষ্যতে অর্থ ফেরত পাওয়ার পরিকল্পনা থাকতে হবে।
ব্যাংক খাতের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে শুধু আর্থিক পুনর্গঠন যথেষ্ট নয়; প্রয়োজন আইনের শাসন, সুশাসন ও জবাবদিহি। যাঁদের বিরুদ্ধে ব্যাংকঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ কিংবা অর্থ পাচারের অভিযোগ রয়েছে, তদন্তে প্রমাণিত হলে তাঁদের কাছ থেকেই আইন অনুযায়ী অর্থ আদায় করতে হবে। আর্থিক অপরাধের দায় যেন সাধারণ করদাতাদের ওপর চাপিয়ে দেওয়া না হয়।
ব্যাংক খাতের পুনরুদ্ধার জনগণের স্বার্থেই প্রয়োজন। কিন্তু সেই পুনরুদ্ধারের মূল্য দিতে গিয়ে জনগণ যেন অন্যের অনিয়ম ও দুর্নীতির দায়ভার বহন করতে বাধ্য না হন।
মো: মুখলেছুর রহমান,
অর্থনীতিবিদ, ইসলামী ফাইন্যান্স স্পেশালিস্ট, সমাজ ও রাষ্ট্রচিন্তক এবং মানবাধিকার কর্মী