গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। তিনি টুঙ্গিপাড়া থানায় এসআই পদে কর্মরত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কী কারণে বা কারা হামলা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
জানা যায়, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় সংঘটিত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে। তারপর যুবলীগ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করে। একপর্যায়ে তারা জনসাধারণের চলাচলের রাস্তায় অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের সরকারি গাড়ি পথরোধ করে ঘিরে ফেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে। তখন তাদেরকে ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য বারবার পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়। অনুরোধ উপেক্ষা করে তারা তাদের মারমুখী আচরণ ও ভাঙচুর অব্যাহত রেখে একপর্যায়ে গাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা ও আত্মরক্ষার্থে পুলিশের পক্ষ থেকে ১০ রাউন্ড রাবার বুলেট, ৫ রাউন্ড টিয়ারশেল এবং ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এ ঘটনায় গত শুক্রবার (১৩ অক্টোবর) টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা করেন।