তাইওয়ানে জন্ম নেওয়া অধ্যাপক জ্যাকি ই-রু ইং আন্তর্জাতিক বিজ্ঞানমহলে পরিচিত এক নাম। ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে অসামান্য অবদানের পাশাপাশি তাঁর জীবনের আরেকটি উল্লেখযোগ্য অধ্যায় হলো ইসলাম গ্রহণ। ৩৫ বছর বয়সে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তিনি ধর্মটি গ্রহণ করেন। শৈশব থেকে জীবন ও জগতের উদ্দেশ্য নিয়ে তাঁর মনে যে অনুসন্ধিৎসা ছিল, তা একসময় তাঁকে ইসলামের শিক্ষার কাছাকাছি নিয়ে যায়।
১৯৬৬ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে জন্মগ্রহণ করেন জ্যাকি ইং। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে পাড়ি জমান তিনি। তাঁর বাবা-মা সন্তানদের ধর্মীয় শিক্ষার বিষয়ে আগ্রহী ছিলেন। ফলে ছোটবেলায় সানডে স্কুল ও খ্রিষ্টান কিন্ডারগার্টেনে পড়াশোনার সুযোগ হয় তাঁর।
সিঙ্গাপুরে স্কুলজীবনে মুসলিম সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বের সূত্র ধরে ইসলামের প্রতি আগ্রহ জন্মায় জ্যাকি ইংয়ের। তাঁদের ধর্মীয় বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে জানতে গিয়ে তিনি ইসলাম নিয়ে পড়াশোনা ও অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষার সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক অনুভব করেন। পরিণতিতে ৩৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এই বিজ্ঞানী
।এক সাক্ষাৎকারে পবিত্র কোরআন সম্পর্কে নিজের উপলব্ধি তুলে ধরেন জ্যাকি ইং। তিনি কোরআনকে অসাধারণ গ্রন্থ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এতে জীবনের বিভিন্ন বিষয়, ধর্মীয় অনুশীলনের গুরুত্ব, মানুষের সমতা এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা রয়েছে।
জ্যাকি ইংয়ের ভাষ্য অনুযায়ী, জীবন ও জগতের অর্থ এবং উদ্দেশ্য অনুসন্ধানের আগ্রহ তাঁর মধ্যে শৈশব থেকেই ছিল। ধর্ম সম্পর্কে জানার কৌতূহল এবং পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ তাঁর ব্যক্তিগত জীবনের সেই অনুসন্ধানকে একটি নতুন মাত্রা দেয়।
বিজ্ঞান গবেষণায়ও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পরের বছর ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) যোগ দেন। ২০০১ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রতিষ্ঠানটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পূর্ণ অধ্যাপক হিসেবে নিয়োগ পান।
২০০৩ সালে সিঙ্গাপুরে ফিরে ইনস্টিটিউট অব বায়োইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানোটেকনোলজি প্রতিষ্ঠা করেন জ্যাকি ইং। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বও দেন তিনি।
ন্যানোটেকনোলজি ও বায়োইঞ্জিনিয়ারিংয়ে গবেষণা, অসংখ্য বৈজ্ঞানিক প্রকাশনা এবং আন্তর্জাতিক পুরস্কারের মাধ্যমে বিশ্ববিজ্ঞানে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন এই অধ্যাপক। বিজ্ঞানী হিসেবে তাঁর সাফল্যের পাশাপাশি ইসলাম গ্রহণের ঘটনাটিও তাঁর জীবনের একটি আলোচিত অধ্যায়।
সূত্র: হুমানিস্তান