শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের প্রাক্কালে ১২ জনকে আটক করে বিজিবির টহল দল।
আটক ব্যক্তিদের কারও কাছে ভারতে প্রবেশের বৈধ পাসপোর্ট ছিল না বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ইমদাদুল হক (২৯), মিনারুন (১৯), ইউসুফ (২১), শওকত আলী (৩৫), আব্দুল্লাহ (২৫), হাসান (২৫) ও মেসবাউল (২০)। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার আক্তারুল হক (২০), শামীম (২৩), আবদুল করিম (২১), আলামিন (২৪) ও রুবেল (৩০) রয়েছেন।
বিজিবি জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।