নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার জন্য ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব টয়লেট দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে টঙ্গীর কলাবাগান এলাকায় ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি প্রশাসন, শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
এবারের বিশ্ব টয়লেট দিবসের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ টয়লেট, সমতার ভবিষ্যৎ’ (Safe Toilets. Equal Futures.)। সভায় বক্তারা বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত টয়লেট শুধু মৌলিক প্রয়োজন নয়, এটি মানুষের স্বাস্থ্য, ব্যক্তিগত নিরাপত্তা, মানবিক মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য নিরাপদ স্যানিটেশন এবং মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।
WSUP বাংলাদেশের বাস্তবায়নাধীন VF Corporation-এর প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়। প্রকল্পটির মাধ্যমে শ্রমিক জনগোষ্ঠীর আবাসস্থল ও কর্মক্ষেত্রে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (WASH) ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসম্মত আচরণে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতায় টঙ্গীতে ছয়টি নতুন WASH ব্লক নির্মাণ, বিদ্যমান নয়টি টয়লেট সংস্কার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ এবং কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। হা-মীম গ্রুপের CCL কর্তৃপক্ষ ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম। বিশেষ অতিথি ছিলেন হা-মীম গ্রুপের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মিজানুর রহমান খান এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কমপ্লায়েন্স) এস এম ফয়সাল আহমেদ-উল-আলম। এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কলাবাগান আইআইসি (Infrastructure Implementation Committee)-এর চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
সভায় নারী ও কিশোরীদের জন্য নিরাপদ স্যানিটেশন, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, পর্যাপ্ত পানি ও হাত ধোয়ার সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্যানিটেশন অবকাঠামোর যথাযথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সরকারি প্রশাসন, শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত উদ্যোগ। বিশ্ব টয়লেট দিবসের এ আয়োজন শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ স্যানিটেশন সেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।