আজ ২০ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন বলে জানা গেছে।
তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তাঁদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা শুরু করেন।
১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করেন তারেক রহমান। বাবার জন্মস্থান বগুড়া জেলার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওই নির্বাচনে দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে ছিলেন তারেক রহমান।
২০০৮ সালের পর থেকে প্রায় ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেন তিনি। এ সময় লন্ডনে অবস্থান করেই বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
জন্মদিন উপলক্ষে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন বলে জানা গেছে।